গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়ে কমিশন জানিয়েছিল, ৬৬ লক্ষ ৬৩ হাজার ভোটারের নাম বাদ গেছে। তার পরেও বিবেচনাধীন তথা অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের নাম। সোমবার গভীর রাতে কমিশন সূত্রে জানা গেল, তার মধ্যে ২৭ লক্ষের কিছু বেশি নাম বাদ গেছে।

জ্ঞানেশ কুমার
শেষ আপডেট: 7 April 2026 21:45
দ্য ওয়াল ব্যুরো: এবার ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (West Bengal SIR) শুরু হওয়ার আগে বিরোধীরা আন্দাজ করছিলেন, বাংলায় পুরনো তালিকা থেকে ১ কোটি নাম বাদ যেতে পারে। ততটা হল না ঠিকই। তবে ৯০ লক্ষ পার করে ফেলল নির্বাচন কমিশন (ECI Gyanesh Kumar)। শেষমেশ ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে প্রায় ৯১ লক্ষেরও কিছু বেশি নাম। এখন সবচেয়ে কৌতূহলের বিষয় হল, এই ঝাড়াই বাছাই ভোটের ফলাফলে (West Bengal Assembly Election 2026) কতটা প্রভাব ফেলতে পারে?
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (West Bengal SIR Final Voter List) প্রকাশের সময়ে কমিশন জানিয়েছিল, ৬৬ লক্ষ ৬৩ হাজার ভোটারের নাম বাদ গেছে। তার পরেও বিবেচনাধীন তথা অ্যাডজুডিকেশনের তালিকায় ছিল ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের নাম। সোমবার গভীর রাতে কমিশন সূত্রে জানা গেল, তার মধ্যে ২৭ লক্ষের কিছু বেশি নাম বাদ গেছে।
রিপোর্ট অনুযায়ী, সমগ্র পশ্চিমবঙ্গে মোট ৬০,০৬,৬৭৫ জন ব্যক্তির তথ্য যাচাইয়ের জন্য জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর মধ্যে যোগ্য বলে বিবেচিত (Found Eligible) হয়েছে ৩২,৬৮,১১৯ জন। অযোগ্য বলে বিবেচিত (Found Not Eligible) হয়েছে ২৭,১৬,৩৯৩ জন।
জেলাভিত্তিক পরিসংখ্যান: কোথায় কী অবস্থা?
যাচাই প্রক্রিয়ায় জেলাভিত্তিক তথ্যে বেশ কিছু চমকপ্রদ বিষয় উঠে এসেছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অযোগ্য ঘোষণার সংখ্যা চোখে পড়ার মতো।
মুর্শিদাবাদ ও মালদহ: সংখ্যার বিচারে এই দুই জেলায় সবচেয়ে বেশি যাচাই প্রক্রিয়া চলেছে। মুর্শিদাবাদে ১১,০১,১৪৫ জনের মধ্যে ৪,৫৫,১৩৭ জনকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। মালদহে ৮,২৮,১২৭ জনের মধ্যে অযোগ্য ঘোষিত হয়েছেন ৫,৮৮,৬৫৭ জন।
অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় প্রতিটি বিধানসভা পিছু এই অ্যাডজুডিকেশনের কারণে বাদ পড়েছে গড়ে ২০ হাজারের বেশি ভোটারের নাম। আর মালদহে গড়ে প্রতিটি বিধানসভায় অ্যাডজুডিকেশনের জন্য গড়ে প্রায় ৫০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে। জানিয়ে রাখা ভাল, মালদহ ও মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকা সংশোধনের প্রথম পর্বে আগেই লক্ষ লক্ষ নাম বাদ পড়েছিল। তার পর অ্যাডজুডিশনে দুই জেলা মিলিয়ে বাদ গেল ১০ লক্ষেরও বেশি নাম।
কদিন আগেই দেখা গেছিল, মালদহের মোথাবাড়ি এলাকার কালিয়াচকে (Malda Mothabari news) ৭ বিচারককে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল এলাকার মানুষ। বিচারকদের উপর হামলার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
ঘটনা হল, গড়ে ৫০ হাজার ভোটারের নাম বাদ পড়লে সেখানে বিধানসভা ভোটের ফলাফলে কী প্রভাব পড়তে পারে, সেটা আন্দাজ করতে এখন থই পাচ্ছেন না অনেকেই। বিজেপি শিবিরের নেতারা মনে করছেন, এর প্রভাব অনিবার্য। সুবিধা হবে তাঁদেরই।
উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণবঙ্গের এই দুই জেলাতেও যাচাইকরণের হার ছিল অনেক বেশি। কলকাতার দুই বিভাগ মিলিয়েও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন বাতিল হয়েছে।
কলকাতা দক্ষিণে ২৮,৪৬৮ জন এবং কলকাতা উত্তরে ৩৭,৮৭১ জন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেননি।
পাহাড় ও জঙ্গলমহল: দার্জিলিংয়ে ৩৫,৭৭৬ জন এবং কালিম্পংয়ে ২,৪০৭ জন অযোগ্য ঘোষিত হয়েছেন। অন্যদিকে ঝাড়গ্রামে এই সংখ্যা তুলনামূলকভাবে কম, মাত্র ১,২৪০ জন।