সাংবাদিকদের প্রশ্নে বিমান বলেন, এটি অত্যন্ত বিতর্কিত বিষয়। তিনি সেভাবে কোনও মন্তব্য করবেন না। তবে এই সিদ্ধান্ত যে তিনি মানছেন না, তা পরিষ্কার করে দিয়েছেন।

বিমান বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 23 July 2025 14:51
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরকে স্বশাসিত ঘোষণার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ইতিমধ্যেই সেই সংক্রান্ত চিঠি রাজ্যের মুখ্যসচিবের কাছে পৌঁছেছে বলে নবান্ন সূত্রের খবর। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে বিতর্ক দেখা দিয়েছে। এই নিয়ে মুখ খুলে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ (Bidhansabha Speaker) বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।
সাংবাদিকদের প্রশ্নে বিমান বলেন, এটি অত্যন্ত বিতর্কিত বিষয়। তিনি সেভাবে কোনও মন্তব্য করবেন না। তবে এই সিদ্ধান্ত যে তিনি মানছেন না, তা পরিষ্কার করে দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, জাতীয় নির্বাচন কমিশন চাইছে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের উপর আর্থিকভাবে নির্ভরশীল না হোন। তাই সেই দফতরকে সতন্ত্র করতেই এই পদক্ষেপ। বিধানসভার অধ্যক্ষের কথায়, রাজ্য অর্থসাহায্য করবে কিন্তু কোনও নিয়ন্ত্রণ রাখতে পারবে না, মতামত দিতে পারবে না, এটা হতে পারে না।
কমিশনের নির্দেশিকায় স্পষ্ট, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর আর রাজ্যের অধীনে থাকবে না। এতদিন এই দফতর সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীনে পরিচালিত হত। কমিশনের বক্তব্য, প্রতিটি রাজ্যের এই বিভাগ স্বাধীন ভাবে পরিচালিত হয়। তাই বাংলার ক্ষেত্রেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যসচিবকে।
ওয়াকিবহাল মহলের মতে, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলের অবশ্য অভিযোগ, ঘুরপথে এনআরসির চেষ্টা হচ্ছে। বেছে বেছে বিরোধী ভোটারদের এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এমন পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন।
ইতিমধ্যে আবার সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, আধার, ভোটার আইডি, রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। ফলে এইসব নথি ভোটার তালিকায় নাম থাকার জন্য বাধ্যতামূলক প্রমাণ হতে পারে না। কমিশনের বক্তব্য, দেশের ভোটার তালিকায় নাম থাকার ন্যূনতম যোগ্যতা হচ্ছে তাঁকে ভারতের নাগরিক হতে হবে।