হুমায়ুন জানিয়েছেন, তাঁর নতুন দল শুধুমাত্র মুর্শিদাবাদ কেন্দ্রীক হবে না। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও নদিয়ার কিছু অংশ মিলিয়ে ৫০-৫২টি আসনে প্রার্থী দিতে চলেছে তাঁর দল।

হুমায়ুন কবীর।
শেষ আপডেট: 23 July 2025 15:08
দ্য ওয়াল ব্যুরো: অতীতে একাধিকবার হুমকি দিয়েছিলেন। এবার পৃথক দল তৈরির পথেই হাঁটতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।
ঘোষণা করলেন, ১৫ অগস্টের পর গড়বেন নতুন রাজনৈতিক দল (Murshidabad Politics)। নিশানায় মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব। অভিযোগ, জেলা নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করছে। তারই জেরে তাঁর এই নতুন দল গড়ার সিদ্ধান্ত।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে হুমায়ুন কবীরের হুঁশিয়ারি, “দল করে প্রমাণ করতে চাই, চাষ বলদ দিয়েই হয়, ছাগল দিয়ে না।” নাম না করে জেলা নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, “বলদের পক্ষে লোক রয়েছে, না ছাগলের পক্ষে লোক রয়েছে, সেটা এবার চোখে দেখানো দরকার।”
বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগে হুমায়ুনের নতুন দল গঠন নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে। হুমায়ুন জানিয়েছেন, তাঁর নতুন দল শুধুমাত্র মুর্শিদাবাদ কেন্দ্রীক হবে না। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও নদিয়ার কিছু অংশ মিলিয়ে ৫০-৫২টি আসনে প্রার্থী দিতে চলেছে তাঁর দল।
তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ নেই বলেই দাবি হুমায়ুনের। স্পষ্ট বলেন, “ক্ষমতায় আসবেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীই হবেন আগামী মুখ্যমন্ত্রী। কিন্তু ছাগল দিয়ে ধান মাড়িয়ে যোগ্য ভোটারদের অপমান করা হচ্ছে। সেই অপমান বন্ধ করতেই আমার এই উদ্যোগ।”
তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক কি তবে ভাঙার মুখে? প্রশ্ন রাজনৈতিক মহলে। তবে হুমায়ুনের বক্তব্য, তিনি নেত্রীকে ‘সতর্ক’ করতেই এই দল গঠন করছেন।
সম্প্রতি একাধিকবার প্রকাশ্যে দল বিরোধী মন্তব্য করার অভিযোগে সাসপেন্ডের মুখে পড়েছিলেন হুমায়ুন। বারেবারে তাকে সর্তক করার পরও হুমায়ুন অবশ্য নিজের রণংদেহী মেজাজ থেকে বিশেষ সরেননি। এখন দেখার, হুমায়ুনের এই হুঁশিয়ারি সামনে আসার পর দল কোনও পদক্ষেপ করে কিনা।