মুখ্যমন্ত্রীর কথায়, "বাংলায় কথা বললেই আজ ভিনরাজ্যে হেনস্থা হতে হচ্ছে। বাংলা ভাষা বললেই অপমান, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি! এটা কি ভারত?"

প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রী। ছবি- অরিত্র কবিরাজ।
শেষ আপডেট: 16 July 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ভিনরাজ্যে বাঙালিদের উপর হেনস্থার প্রতিবাদে (Bengali Identity) বুধবার পথে নামল তৃণমূল কংগ্রেস। কেন্দ্র ও বিজেপি-শাসিত রাজ্যগুলির নীরবতার বিরোধিতা করে সরাসরি মাঠে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
গত কয়েকদিন ধরেই বাংলা জুড়ে ভারী বৃষ্টিপাত চলছে। মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এদিন মিছিল শুরুর সময়েই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। তবে এসব পরোয়া না করে এদিনের কর্মসূচিতে যোগ দিতে হাওড়া, দমদম, সল্টলেক ও ভাঙড়-সহ শহরতলির একাধিক এলাকা থেকে দলের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। মিছিল শেষ হবে ডোরিনা ক্রসিংয়ে। সেখান থেকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক কী বার্তা দেন সেদিকে সকলের নজর রয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলের মহা মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে এদিন সকালেই সমগ্র এলাকা স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পুরো এলাকায় পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মতো।
কলকাতার পাশাপাশি একই সময়ে জেলাতেই হবে এই প্রতিবাদ মিছিল। প্রসঙ্গত, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে সম্প্রতি কড়া বার্তা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, "বাংলায় কথা বললেই আজ ভিনরাজ্যে হেনস্থা হতে হচ্ছে। বাংলা ভাষা বললেই অপমান, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি! এটা কি ভারত?"

তৃণমূলের অভিযোগ, বারবার কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার পরও কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। উলটে যারা এই অপরাধ করছে, তাদের মদত দিচ্ছে বিজেপি-শাসিত সরকার। অসমে এক কোচবিহারের মহিলা বিয়ে করে গিয়ে এনআরসি থেকে বাদ পড়েছেন। বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছে তাঁকে।
সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আদমশুমারি প্রসঙ্গে মন্তব্য করেন, যাঁরা নিজেদের মাতৃভাষা বাংলা বলছেন, তাঁরা নাকি ‘বাংলাদেশি’। তাঁর এই মন্তব্য ঘিরে তোলপাড় হয় রাজ্যে। এদেশের বাঙালিরা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানান। দেশজুড়ে বিতর্কও শুরু হয়। তৃণমূলের মতে, এটা সরাসরি বাংলা ভাষা ও বাঙালির অপমান।

এনিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, "এমন হওয়া অন্যায় এবং তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।"
এরই প্রক্ষিতে আজকের মহামিছিল। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা সামনে আনেন, তা নিয়ে কৌতূহল সব মহলে।