টালিগঞ্জ বিধানসভায় গত ২০ বছর ধরে একটানা বিধায়ক তিনি। এবারও জেতার জেদ ষোল আনা। শনিবার রাতে এহেন অরূপ বিশ্বাসকে হঠাৎ দেখা গেল, টলিগঞ্জের মুগনিরাম বাঙ্গুর হাসপাতালে (M R Bangur Hospital)।

অরূপ বিশ্বাস (ফাইল ছবি)
শেষ আপডেট: 22 March 2026 00:41
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটে (West Bengal Election 2026) টালিগঞ্জ আসনে অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) পুনরায় প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টালিগঞ্জ (Tollygung Assembly) বিধানসভায় গত ২০ বছর ধরে একটানা বিধায়ক তিনি। এবারও জেতার জেদ ষোল আনা। শনিবার রাতে এহেন অরূপ বিশ্বাসকে হঠাৎ দেখা গেল, টলিগঞ্জের মুগনিরাম বাঙ্গুর হাসপাতালে (M R Bangur Hospital)। এবং হাসপাতাল সূত্রের খবর, তড়িঘড়ি ভ্যাকসিন নিতে গিয়েছিলেন বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী।
কিন্তু কেন?
অরূপের পারিবারিক সূত্রে খবর, তাঁদের বাড়িতে পোষ্য কুকুরই আঁচড়ে দিয়েছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে সোজা এম আর বাঙ্গুর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন অরূপবাবু।
এম আর বাঙ্গুর হাসপাতালে কুকুরের কামড়ের পর প্রয়োজনীয় পোস্ট-এক্সপোজার প্রফিল্যাক্সিস (PEP) পরিষেবা দেওয়া হয়, যার মধ্যে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন রয়েছে।
কুকুরে কামড়ের পর দেরি না করে রোগীকে অবিলম্বে হাসপাতালের ইমার্জেন্সি বা আউটডোর বিভাগে নিয়ে যেতে বলা হয়। জানা গিয়েছে, অরূপবাবু ইমার্জেন্সি বিভাগেই গিয়েছিলেন। সেখানে প্রথমে ক্ষতস্থানের পরিষ্কার করা হয়। তার পর রিস্ক অ্যাসেস করে প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়েছে, যাতে রেবিস সংক্রমণের সম্ভাবনা প্রতিরোধ করা যায়।
অ্যান্টি-রেবিস ভ্যাকসিন সাধারণত একাধিক ডোজে দেওয়া হয়, যা সাধারণত উপরের বাহুর পেশিতে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। সাধারণত ৫টি ডোজ দেওয়া হয়—০, ৩, ৭, ১৪ এবং ৩০তম দিনে। তবে নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী ৪ ডোজের ব্যবস্থাও থাকতে পারে।
যদি কারও আগে থেকেই রেবিসের টিকা নেওয়া থাকে, তাহলে সাধারণত ২টি ডোজই যথেষ্ট—০ এবং ৩তম দিনে। উচ্চ ঝুঁকির কামড়ের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে অ্যান্টিবডি সরবরাহ করতে রেবিস ইমিউন গ্লোবিউলিন (HRIG) দেওয়া হয়। তবে অরূপ বিশ্বাসের ব্যাপারটা তেমন গুরুতর নয় বলেই খবর।