অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি, ১৫ বছর ধরে তিনি ডানকুনিতে বসবাস করছেন। চার হাজার টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন। এবার টাকা খরচ করেই SIR প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের ফর্ম জোগাড় করেন। পরে তা ফিলআপ করে নিজের ছবি লাগিয়ে জমা দিয়ে দেন।

শেষ আপডেট: 27 November 2025 11:53
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মৃত ব্যক্তির SIR ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করেছিল এক বাংলাদেশি যুবক। এমনই অভিযোগে শোরগোল পড়ল ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেয়।
২০১৫ সালে মারা যান ডানকুনি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহসিন খান। অভিযোগ, তাঁর নামে আসা SIR ফর্ম ফিলআপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম। মৃত মহসিন খানের দাদা মইদুল খান জানতে পারেন তাঁর ভাইয়ের গণনা ফর্ম ফিলআপ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম। এবং তা গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন। এরপরই এলাকায় শোরগোল পরে যায়।
অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি, ১৫ বছর ধরে তিনি ডানকুনিতে বসবাস করছেন। চার হাজার টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন। এবার টাকা খরচ করেই SIR প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের ফর্ম জোগাড় করেন। পরে তা ফিলআপ করে নিজের ছবি লাগিয়ে জমা দিয়ে দেন।
ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় ডানকুনির মাথুরডাঙি এলাকায়। বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হয়। ডানকুনি থানার পুলিশ এসে নাদিমকে আটক করে থানায় নিয়ে যায়।
কীভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করে SIR তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে, এর সঙ্গে কারা জড়িত, নাদিমকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে নথি জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।