২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর যে সরকারই গড়ুক না কেন, তাঁর দল ছাড়া সরকার গঠন সম্ভব নয়—এমন হুঙ্কারও দেন ভরতপুরের এই বিধায়ক।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 23 December 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো: নতুন দল গঠন করেই বিধানসভার স্পিকারের (Assembly Speaker) কোপে পড়তে পারেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) স্পষ্ট জানালেন, হুমায়ুনের বর্তমান দলগত অবস্থান জানতে তাঁকে ডেকে পাঠানো হতে পারে।
স্পিকারের কথায়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃণমূল কংগ্রেস আগেই হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে। সেই সংক্রান্ত নথিও বিধানসভার কাছে জমা পড়েছে। কিন্তু সোমবার মুর্শিদাবাদের মাটি থেকে হুমায়ুন যে নতুন দল গঠনের ঘোষণা করেছেন, সে বিষয়ে বিধানসভাকে কোনও তথ্য তিনি জানাননি। ফলে তাঁর দলগত অবস্থান কী, তা পরিষ্কার করতেই তাঁকে তলব করা হতে পারে বলে জানান স্পিকার। পাশাপাশি, দলত্যাগ বিরোধী আইনে কোনও অভিযোগ জমা পড়লে, তাও খতিয়ে দেখা হবে বলে স্পষ্ট করেছেন তিনি।
সোমবার মুর্শিদাবাদে জনসভা করে নতুন দলের আত্মপ্রকাশ ঘটান হুমায়ুন। সেখান থেকেই হলুদ-সবুজ-সাদা রঙের দলীয় পতাকা উন্মোচন করেন তিনি। প্রকাশ করেন ইস্তেহারও। চমক দিয়ে কিছু আসনে সদ্য গঠিত দলের প্রার্থীদের নামও ঘোষণা করেন। পাশাপাশি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর যে সরকারই গড়ুক না কেন, তাঁর দল ছাড়া সরকার গঠন সম্ভব নয়—এমন হুঙ্কারও দেন ভরতপুরের এই বিধায়ক।
এর আগেই হুমায়ুন দাবি করেছিলেন, রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে ২০২৬-এর নির্বাচনে মোট ১৩৫টি আসনে প্রার্থী দেবেন তিনি। তাঁর আরও দাবি, অন্তত ৯০টি আসনে জিতে রাজ্যের শাসনক্ষমতায় ‘কিংমেকার’ হয়ে উঠবে তাঁর দল। সেই রাজনৈতিক ঘোষণার রেশ কাটতে না কাটতেই এ বার বিধানসভার স্পিকারের সম্ভাব্য পদক্ষেপ ঘিরে নতুন করে চাপ বাড়ল হুমায়ুনের উপরে।