কিন্তু রাত পোহাতেই যে ছবিটা বদলে যাবে, কে ভেবেছিল? জানা গিয়েছে, বালিগঞ্জ থেকে আর লড়ছেন না নিশা চট্টোপাধ্যায়।

হুমায়ুন কবীর
শেষ আপডেট: 23 December 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: নতুন দল গড়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতেই প্রার্থী তালিকায় বদল আনলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। দল ঘোষণার ২৪ ঘণ্টাও কাটতে পারল না, বালিগঞ্জ (Ballygunge) আসনের প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভরতপুরের বিধায়ক (Humayun Kabir Candidate)।
তৃণমূল (TMC) থেকে সাসপেন্ড হওয়ার পর আগেই ঘোষণা করেছিলেন, ২২ ডিসেম্বর তিনি নতুন দল গঠন করবেন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসনে প্রার্থী দেবেন। সেই ঘোষণা মতো সোমবার ‘জনতা উন্নয়ন পার্টি’ (Janata Unnayan Party) নামে নতুন দল, পতাকার আত্মপ্রকাশ করেন হুমায়ুন কবীর। একই সঙ্গে ১০টি বিধানসভা আসনের প্রার্থী তালিকাও প্রকাশ করেন। সেই তালিকায় নিজের নাম ছিল দু’টি কেন্দ্রে। পাশাপাশি, কয়েকটি আসনে হিন্দু প্রার্থীর নামও ঘোষণা করা হয়। চমক দেখিয়ে কলকাতার বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে জানানো হয়েছিল নিশা চট্টোপাধ্যায়ের নাম।
কিন্তু রাত পোহাতেই যে ছবিটা বদলে যাবে, কে ভেবেছিল? জানা গিয়েছে, বালিগঞ্জ থেকে আর লড়ছেন না নিশা চট্টোপাধ্যায়। হুমায়ুন কবীর নিজেই জানিয়েছেন, ওই কেন্দ্র থেকে এবার মুসলিম প্রার্থী দেওয়া হবে এবং আগামী সাত দিনের মধ্যেই সেই নাম ঘোষণা করা হবে।
কেন এই হঠাৎ প্রার্থী বদল? দলীয় সূত্রে খবর, নিশা চট্টোপাধ্যায়ের কিছু পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিপত্তি শুরু হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, নিশাকে নাকি বারে দেখা গিয়েছে, যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর হতে পারে বলে মনে করছে জনতা উন্নয়ন পার্টি। সেই কারণেই প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে হুমায়ুন কবীর বলেন, “ওঁর কিছু ভিডিও রয়েছে, যেগুলো দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বালিগঞ্জে মুসলিম প্রার্থীর নাম খুব শিগগিরই ঘোষণা করব।”
এ দিকে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস শিবির। এক কংগ্রেস নেতার মন্তব্য, “তিনি কী বলছেন বা কেন করছেন, সেটা তিনিই জানেন। এসব নিয়ে আলাদা করে গুরুত্ব দেওয়ার কিছু নেই।” নতুন দল ঘোষণার পরেই প্রার্থী তালিকায় এমন দ্রুত বদল রাজনৈতিক মহলে স্বাভাবিক ভাবেই চর্চার বিষয় হয়ে উঠেছে।
এক নজরে দেখে নেওয়া যাক কে কোথায় প্রার্থী