সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টি কমার সম্ভাবনা।

ফাইল ছবি
শেষ আপডেট: 15 August 2025 11:44
দ্য ওয়াল ব্যুরো: উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা স্থলভাগে ঢুকবে। তবে এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায়।
আজ ও আগামিকাল অর্থাৎ শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও মাত্রা অনেকটাই কম থাকবে। রবিবার থেকে ফের বাড়বে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে রবিবার ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়।
দক্ষিণবঙ্গে উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়ার কিছু অংশে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি আরও কমবে। রবিবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টি কমার সম্ভাবনা।
আজ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৫–৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮.৪ মিমি। শনিবার বৃষ্টি কমলে অস্বস্তি আরও বাড়বে।
এদিকে, রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, ছত্তীসগড়, মধ্যপ্রদেশে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, জম্মু-কাশ্মীর, লাদাখ, বিহার, রাজস্থান, গুজরাত, কর্নাটক, কেরল, কঙ্কন-গোয়ায় ভারী বৃষ্টি হবে।