চার দিন চুপ থাকার পর রবিবার কলকাতায় পা রেখেই সেই মৌনতা ভাঙলেন তিনি। তবে পদত্যাগের প্রকৃত কারণটি এখনই খোলসা না করে রহস্য আরও বাড়িয়ে দিলেন বোস।

সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 8 March 2026 15:17
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর হঠাৎ পদত্যাগ ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। কেন ভোটের মুখে এমন সিদ্ধান্ত নিলেন প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose Resignation), তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। চার দিন চুপ থাকার পর রবিবার কলকাতায় পা রেখেই সেই মৌনতা ভাঙলেন তিনি। তবে পদত্যাগের প্রকৃত কারণটি এখনই খোলসা না করে রহস্য আরও বাড়িয়ে দিলেন বোস।
‘কারণ গোপনীয়, সময় আসুক’
রবিবার সকালে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নামার পর সাংবাদিকদের মুখোমুখি হন সদ্য পদত্যাগী রাজ্যপাল। পদত্যাগের কারণ নিয়ে প্রশ্ন করা হলে সি ভি আনন্দ বোস (CV anand Bose News ) সোজাসাপ্টা উত্তরে বলেন, “কারণটা কনফিডেনশিয়াল, ঠিক সময় এলে বলা হবে।” তাঁর এই রহস্যময় মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি দার্শনিক ঢঙে বলেন, “সব ক্ষেত্রে প্রবেশ করলে প্রস্থান তো হবেই।”
বাংলার ভোটার হিসেবে গর্বিত
রাজভবন থেকে বিদায় নিলেও বাংলার সঙ্গে তাঁর যোগসূত্র ছিঁড়ে যাচ্ছে না বলেই দাবি করেছেন আনন্দ বোস। ক’দিন আগেই তিনি এ রাজ্যের ভোটার (West Bengal Assembly Election) হওয়ার আবেদন জানিয়েছিলেন। এদিনও তিনি স্পষ্ট করেন যে, বাংলার ভোটার হতে পেরে তিনি গর্বিত এবং বিধানসভা নির্বাচনে (Election 2026) ভোট দিতে তিনি কলকাতায় আসবেন। তবে রাজ্যের বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। তাঁর কথায়, “আমি আর রাজ্যপাল নেই, তাই এখানকার প্রশাসন নিয়ে কিছু বলব না।”
রাষ্ট্রপতি ও রাজ্য সংঘাত নিয়ে নীরবতা
শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) সাম্প্রতিক মন্তব্য বা প্রোটোকল ভাঙার অভিযোগ নিয়ে তৈরি হওয়া বিতর্কেও জল ঢালতে চেয়েছেন বোস। রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে তিনি বলেন, “রাষ্ট্রপতি খুবই অভিজ্ঞ মানুষ। তাঁর বক্তব্যের উপর কোনও মন্তব্য করা উচিত নয়।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাঁর পদত্যাগের নেপথ্যে ‘রাজনৈতিক অভিসন্ধি’ দেখছেন, তখন সেই প্রসঙ্গেও কোনও পালটা মন্তব্য করেননি প্রাক্তন রাজ্যপাল।
২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বোস। মেয়াদ ছিল ২০২৭-এর নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের ২০ মাস আগেই দায়িত্ব ছাড়েন তিনি।