পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করে আশঙ্কা প্রকাশ করেছেন।

সিভি আনন্দ বোস
শেষ আপডেট: 5 March 2026 21:39
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ (CV Anand Bose Resigned)) অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও এক্স হ্যান্ডেলে পোস্ট করে আশঙ্কা প্রকাশ করেছেন। এর মধ্যেই নিজের সিদ্ধান্ত নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন সিভি আনন্দ বোস।
সর্বভারতীয় সংবাদ সংস্থা এই পদত্যাগ ইস্যুতে সিভি আনন্দ বোসের (CV Anand Bose) সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, "আমি রাজ্যপালের দফতরে (Governor's office) যথেষ্ট সময় কাটিয়ে ফেলেছি।" তবে তাঁর এই উত্তরে রাজনৈতিক মহলে এখনও পদত্যাগের কারণ স্পষ্ট হয়নি। আগামী দিনে তাঁকে নতুন কোন দায়িত্বে দেখা যাবে, তা নিয়েও কৌতূহল রয়েছে।
সিভি আনন্দ বোস (CV Anand Bose) এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইতিমধ্যেই তাঁর পদত্যাগ পত্র পৌঁছে গিয়েছে বলে খবর।
রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) দোরগোড়ায়। এদিকে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২০ মাস আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা (WB Governor Resigned) দিলেন আনন্দ বোস। যা রাজ্য-রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার তাঁর এই আকস্মিক পদত্যাগের খবর নিশ্চিত করেছে রাজভবন সূত্র। দিল্লিতে থাকাকালীনই রাষ্ট্রপতি ভবনে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
২০২২ সালের ১৭ নভেম্বর বাংলার মসনদে বসেছিলেন প্রাক্তন এই আমলা। প্রশাসনিক নিয়মে তাঁর মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। কিন্তু সেই সময়সীমা ছোঁয়ার ঢের আগেই কেন তিনি সরলেন, তা নিয়ে দিল্লির রাজনৈতিক আলোচনা তুঙ্গে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সিভি আনন্দ বোসের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি রাজ্যপাল নিয়োগের বিষয়ে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM on Governor resigned) তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে সি. ভি. আনন্দ বোস (CV Anand Bose) হঠাৎ পদত্যাগ করেছেন বলে তিনি খবর পেয়েছেন। তবে এই পদত্যাগের সঠিক কারণ এখনও তাঁর জানা নেই। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালের উপর চাপ সৃষ্টি করে থাকতে পারেন বলেও তাঁর আশঙ্কা।
এদিকে, দু’দিনের রাজ্য সফরে কাল, শুক্রবারই রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৬ এবং ৭ মার্চ- এই দু’দিন দার্জিলিং ও কার্শিয়াং সংলগ্ন এলাকায় একাধিক সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতির এই বঙ্গ সফরের আগে আচমকা রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইস্তফা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।