১ জুন অমিত শাহর সভা নিয়ে এমনিতেই বঙ্গ বিজেপি নেতা-কর্মীদের মধ্যে দোলাচল তৈরি হয়েছে। কারণ সে দিন জামাইষষ্ঠী।

অমিত শাহ
শেষ আপডেট: 27 May 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২৯ মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জোড়া সভা করার কথা রয়েছে তাঁর। আর ঠিক তার দু-দিন পর ৩১ তারিখ রাজ্যের আসার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah)। ১ জুন একাধিক কর্মসূচি রয়েছে তাঁর, এমনই খবর ছিল। তবে সূত্রের খবর, অমিত শাহর রাজ্য সফর পিছিয়েছে। চলতি সপ্তাহে তিনি বাংলায় আসছেন না (West Bengal Tour)।
বিজেপির তরফ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা না করা হলেও সূত্রের খবর, ৩১ মে বঙ্গে আসছেন না অমিত শাহ। অতএব ১ জুন অর্থাৎ জামাইষষ্ঠীর দিন তাঁর কোনও কর্মসূচি হচ্ছে না। দলীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক পর রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সফর কেন পিছিয়ে গেল, সেই কারণ ঘিরেও ধোঁয়াশা তৈরি হয়েছে।
১ জুন অমিত শাহর সভা নিয়ে এমনিতেই বঙ্গ বিজেপি নেতা-কর্মীদের মধ্যে দোলাচল তৈরি হয়েছে। কারণ সে দিন জামাইষষ্ঠী। অনেকেই হয়তো ভেবে পাচ্ছিলেন না যে, কোন দিকে যাবেন! শ্বশুরবাড়িতে গিয়ে জামাই হওয়ার দায়িত্ব পালন করবেন নাকি দলীয় দায়িত্ব মাথায় রাখবেন। যদিও দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছিল, যাই হয়ে যাক স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় উপস্থিত থাকতেই হবে। তবে এই আবহেই অমিত শাহর বঙ্গ সফর পিছিয়ে আসার খবর এল।
ঠিক কী কারণে অমিত শাহ এই সফর পিছিয়ে দিলেন তা স্পষ্ট না হলেও রাজনৈতিক বিশ্লেষকরা একাধিক কারণ খুঁজে বের করেছেন। কারও মতে, চলতি সপ্তাহে কেন্দ্রীয় সভাপতি বাছাইয়ের কাজ হতে পারে। সেই নিয়ে ব্যস্ত থাকবেন শাহ। তাই জুনের প্রথম সপ্তাহে বঙ্গে আসবেন তিনি। অন্য একপক্ষের ধারণা, মোদী-শাহ দুই হেভিওয়েট নেতার পরপর বঙ্গ সফরে দলীয় কর্মীরা ব্যতিব্যস্ত হয়ে যাবেন। নিরাপত্তা নিয়েও সংশয় তৈরি হতে পারে। তাই মোদীর ঠিক পরেই আসছেন না শাহ।