বাংলার এসআইআরের কাজ সুস্পষ্টভাবে খতিয়ে দেখতে একাধিক রোল অবজার্ভার রাজ্যে পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁদেরই একজন সি মুরুগান। সূত্রের খবর, তিনিই এই বিষয়টি প্রথম লক্ষ্য করে স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্তকে জানান।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 December 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: একাধিক অভিযোগ ওঠায় বারুইপুরের (Baruipur) এক বিএলও-কে (BLO) রিমুভ করেছিল নির্বাচন কমিশন (ECI)। তাঁর জায়গায় আনা হয়েছিল অন্য একজনকে। কিন্তু এখন জানা গেছে, সরিয়ে দেওয়া হলেও সেই বিএলও-ই কাজ করে গেছেন। অর্থাৎ তাঁর সাইন করা এমুনারেশন ফর্ম (Enumeration Form) আপলোড হয়েছে। নির্বাচন কমিশন (ECI) এই ইস্যুতে কড়া পদক্ষেপ করবে বলে সূত্রের খবর।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের হাড়দহের ৯৪ নম্বর বুথে (Booth Number 94) এমন ঘটনা ঘটেছে। ওই বিএলও-কে নিয়ে অভিযোগ জমা পড়ায় তাঁকে রিমুভ করে দ্রুত অন্য একজন বিএলও (BLO) হিসেবে দায়িত্ব দিয়েছিল কমিশন। কিন্তু এখন জানা গেছে, আগের জনই এতদিন ধরে কাজ করে গেছেন!
বাংলার এসআইআরের (SIR in West Bengal) কাজ সুস্পষ্টভাবে খতিয়ে দেখতে একাধিক রোল অবজার্ভার (Roll Observer) রাজ্যে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ECI)। তাঁদেরই একজন সি মুরুগান। সূত্রের খবর, তিনিই এই বিষয়টি প্রথম লক্ষ্য করে স্পেশ্যাল অবজার্ভার (Special Observer) সুব্রত গুপ্তকে জানান। পরে তিনি সিইও দফতরে (CEO Office) রিপোর্ট দেন এবং সিইও দফতর কমিশনকে জানায়। এই পরিপ্রেক্ষিতে কমিশন পদক্ষেপ করতে চলেছে।
শুধু ওই বিএলও নন, তাঁর জায়গায় যিনি কাজের জন্য নিযুক্ত হয়েছিলেন সেই বিএলও এবং ওই এলাকার ইআরও, ডিইও-র ভূমিকাও খতিয়ে দেখছে কমিশন।
বস্তুত, ভোটার তালিকা সংশোধন (SIR West Bengal) পর্বে আরও কঠোর নির্বাচন কমিশন (Election Commission)। গত শুক্রবারের বৈঠকেই যার ইঙ্গিত মিলেছিল। সোমবার সকালেই সেই ইঙ্গিতকে বাস্তবায়িত করে কমিশন নতুন নির্দেশিকা জারি করে। পাঁচ ডিভিশনে পাঁচজন শীর্ষস্থানীয় আইএএস অফিসারকে স্পেশ্যাল রোল অবজার্ভার (Special Roll Observer) হিসেবে নিয়োগ করা হয়েছে। যাঁদের প্রত্যেকেই কেন্দ্রের মন্ত্রকের যুগ্মসচিব।
কমিশন স্পষ্ট জানিয়েছে, এই পর্যবেক্ষকদের দায়িত্ব থাকবে তিনটি বিষয়ে কঠোর নজরদারি চালানো -
১) কোনও যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন।
২) কোনও অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় ঢুকতে না পারেন।
৩) দাবি–আপত্তি থেকে গণনা, নোটিস নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশ - প্রতিটি ধাপে কঠোর পর্যবেক্ষণ।
সংবিধানের ৩২৪(৬) ধারা অনুযায়ী নিযুক্ত এই পর্যবেক্ষকরা পুরো প্রক্রিয়া চলাকালীন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকবেন।
অন্যদিকে, আজই দিল্লিতে যাচ্ছেন স্পেশ্যাল অরজার্ভার সুব্রত গুপ্ত। রাজ্যে আসার পর এতদিনে তিনি কী খতিয়ে দেখলেন, কী তথ্য পেলেন - সেই সংক্রান্ত রিপোর্ট তিনি নির্বাচন কমিশনে জমা দেবেন বলে অনুমান করা হচ্ছে।