পাশাপাশি, যাতে প্রকৃত ভোটারের নাম কোনওভাবে বাদ না যায়, সে জন্য চালু করা হবে বিশেষ হেল্পলাইন নম্বর, অভিযোগ জানানো যাবে সরাসরি সেই নম্বরে।
.jpeg.webp)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 13 August 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: বিহারের পর বাংলাতেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) চালু হবে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তারই মধ্যে রাজ্যের সব রাজনৈতিক দলকে নিয়ে চলতি মাসের শেষেই বিশেষ বৈঠকে বসছে রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর।
কমিশন সূত্রে খবর, ভোটারদের সুবিধার্থে এবার প্রতিটি বুথে সর্বোচ্চ ১২০০ ভোটার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বুথ সংখ্যা ৮০ হাজার ৬০০ থেকে বাড়িয়ে প্রায় ৯৫ হাজার করা হতে পারে। সর্বদলীয় বৈঠকে আরও অনেক বিষয়ের সঙ্গে এ ব্যাপারেও আলোচনা হতে পারে।
জানা যাচ্ছে, ওই বৈঠকে এসআইআরের খুঁটিনাটি নিয়েও আলোচনা করা হতে পারে। পাশাপাশি, যাতে প্রকৃত ভোটারের নাম কোনওভাবে বাদ না যায়, সে জন্য চালু করা হবে বিশেষ হেল্পলাইন নম্বর, অভিযোগ জানানো যাবে সরাসরি সেই নম্বরে।
প্রসঙ্গত, বিহারে এসআইআর-এর সময় প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগে উঠেছে বিতর্ক। যদিও কমিশনের দাবি, প্রকৃত ভোটারদের নাম বাদ পড়বে না, সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা।
২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী বাংলায় মোট ভোটার ছিলেন ৪ কোটি ৫৮ লক্ষ। সেবার বাদ গিয়েছিল প্রায় ২৮ লক্ষ নাম। এবার সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই অনেক বেশি স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়ার দিকে এগোতে চাইছে কমিশন।
এদিকে সুপ্রিম কোর্টে এক শুনানিতে রাজ্যের পক্ষের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ প্রশ্ন তুলেছেন, রাজ্য সরকারের সঙ্গে পূর্ণ আলোচনা না করেই কীভাবে এসআইআরের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এগোচ্ছে কমিশন? তার জবাবও চাওয়া হয়েছে কমিশনের কাছ থেকে।
তবে কমিশন সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের বড়সড় প্রক্রিয়া শুরু হতে চলেছে এ রাজ্যে। এবার আরও কড়া নজরদারি, আরও প্রযুক্তি নির্ভর সুরক্ষা ও সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা নিয়ে এগোচ্ছে কমিশন।