দিঘার এই জগন্নাথ মন্দির রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই এর উদ্বোধন করেন। ইতিমধ্যেই বহু পর্যটকের আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে এই মন্দির।

ফাইল ছবি।
শেষ আপডেট: 13 August 2025 15:32
দ্য ওয়াল ব্যুরো: পুরীর মন্দিরের (Puri Temple) হুমকি বার্তার জেরে এবার নিরাপত্তা (Security) বাড়ল দিঘার জগন্নাথ মন্দিরেও (Jagannath Temple in Digha)।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘পুরীর ঘটনার পরই দিঘার জগন্নাথ মন্দিরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখানে এই ধরনের কোনও হুমকি পাওয়া না গেলেও, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’’
বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে আঁকাবাঁকা হস্তাক্ষরে হুমকি বার্তা দেখা যায়। তাতে লেখা, 'পুরীর মন্দির উড়িয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। প্রস্তুত থাকুন।’’ বার্তাটির সত্যতা যাচাই করতে তৎপর হয় গোয়েন্দা বিভাগ। সঙ্গে সঙ্গে বাড়ানো হয় পুরীর মন্দিরের নিরাপত্তা। মোতায়েন করা হয় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী।
এই ঘটনার পরই সতর্কতা অবলম্বন করে পশ্চিমবঙ্গ পুলিশ। দিঘার সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরেও নজরদারি বাড়ানো হয়। বুধবার বেলা থেকেই মন্দির চত্বরে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সিসিটিভি ক্যামেরায় বাড়তি নজরদারির পাশাপাশি মন্দিরে প্রবেশের সময় পর্যটকদের ব্যাগ তল্লাশি শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে প্রতিটি সন্দেহজনক গতিবিধি।
প্রসঙ্গত, দিঘার এই নতুন জগন্নাথ মন্দির রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগেই এর উদ্বোধন করেন। ইতিমধ্যেই বহু পর্যটকের আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে এই মন্দির।
তবে পুরীর ঘটনার পর এই মন্দিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। পুলিশের আশ্বাস, আতঙ্কের কিছু নেই, তবে গাফিলতির কোনও জায়গা নেই বলেই সর্বদা সতর্ক থাকছে প্রশাসন।