এদিনই মুখ্যমন্ত্রীর পুজো-বৈঠক রয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেই বৈঠকেও জেলাশাসকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 31 July 2025 09:35
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুপুরে নবান্নে (Nabanna) ডাকা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসকদের (DMs)। সাধারণত এই ধরনের বৈঠক ভার্চুয়ালি হলেও, এবার তাঁদের সশরীরে হাজির থাকতে বলা হয়েছে মুখ্যসচিবের কনফারেন্স রুমে। মুখ্যসচিব নেতৃত্বে এই বৈঠক হলেও জল্পনা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) বৈঠকে হাজির থাকতে পারেন।
নবান্ন সূত্রের খবর, বৈঠকের প্রধান এজেন্ডা হল সরকারি নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির প্রস্তুতি এবং রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলার রূপরেখা। পাশাপাশি, প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনার দিকনির্দেশও দেওয়া হতে পারে। বৈঠক শুরু হওয়ার কথা দুপুর ১২.৩০টায়।
যদিও নির্ধারিত আলোচ্য সূচিতে নেই, তবু মনে করা হচ্ছে - নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এসআইআর এবং ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয়েও এদিন উঠে আসতে পারে আলোচনায়।
পাশাপাশি, এদিনই মুখ্যমন্ত্রীর পুজো-বৈঠক রয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেই বৈঠকেও জেলাশাসকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। সূত্রের দাবি, এই বৈঠক থেকে পুজো অনুদান ১ লক্ষ টাকা করার ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।
সব মিলিয়ে, একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ইস্যু নিয়ে আজকের বৈঠক রাজ্যের আগামী পরিকল্পনার দিশা নির্ধারণে বড় ভূমিকা নিতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।