চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে বিধায়ককে। আগামী ৪৮ ঘণ্টা পরিস্থিতি কেমন থাকে, তার উপর নির্ভর করবে পরবর্তী চিকিৎসা।

অগ্নিমিত্রা পাল।
শেষ আপডেট: 5 September 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অবস্থার আরও অবনতি হল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Pal)। শ্বাসকষ্টের কারণে গত ২০ অগস্ট থেকেই তিনি বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্রের খবর, এর মধ্যেই বৃহস্পতিবার রাতে ঘটে ব্রেন স্ট্রোক (brain stroke)। দ্রুত তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করেন চিকিৎসকেরা। খবর পেয়ে ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন বিজেপির নেতা, কর্মীরা। রয়েছেন বিধায়কের পরিজনেরাও।
প্রথমে জ্বর, সর্দি-কাশি আর অস্বস্তি নিয়েও কর্মসূচি চালিয়ে গিয়েছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক। আসানসোলে একাধিক দলীয় কর্মসূচি সেরে অগস্টের তৃতীয় সপ্তাহে কলকাতা ফেরার পথে আচমকাই শরীর খারাপ হয় তাঁর। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সে সময় নিউমোনিয়ে এবং শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে নতুন করে শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বিজেপি নেত্রীর। সিটি-স্ক্যান রিপোর্টে ব্রেন স্ট্রোক ধরা পড়ে। পাশাপাশি বাঁ ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছে। চিকিৎসক দলের নজরদারিতেই রয়েছেন অগ্নিমিত্রা।
অগ্নিমিত্রা বরাবরই বিজেপির অন্যতম সরব মুখ। সভা-মিছিল থেকে বিতর্কের মঞ্চ—প্রায় সর্বত্রই সক্রিয় দেখা যায় তাঁকে। তাঁর শারীরিক অসুস্থতায় বিজেপি শিবিরে বাড়ছে উদ্বেগ। দলীয় সহকর্মী থেকে সমর্থক—সবারই প্রার্থনা, অগ্নিমিত্রা দ্রুত সুস্থ হয়ে রাজনৈতিক ময়দানে ফিরুন।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে বিধায়ককে। আগামী ৪৮ ঘণ্টা পরিস্থিতি কেমন থাকে, তার উপর নির্ভর করবে পরবর্তী চিকিৎসা।