অভিযোগ, দেহটিকে টেনে নিয়ে খুবলে খাচ্ছিল কুকুরের দল। এ দৃশ্য চোখে পড়তেই আতঙ্কে ছুটে আসেন গ্রামবাসীরা। তারাই খবর দেন পুলিশকে।

ছবি-সংগৃহীত।
শেষ আপডেট: 5 September 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের কালাপাহাড়ি (Asansol, Kalipahari Forest) এলাকায় ভয়াবহ দৃশ্য দেখে শিউরে উঠলেন স্থানীয় বাসিন্দারা। জঙ্গলের ঝোপঝাড় থেকে উদ্ধার হল এক সদ্যোজাতের ক্ষতবিক্ষত দেহ (Newborn Body )। অভিযোগ, দেহটিকে টেনে নিয়ে খুবলে খাচ্ছিল কুকুরের দল। এ দৃশ্য চোখে পড়তেই আতঙ্কে ছুটে আসেন গ্রামবাসীরা। তারাই খবর দেন পুলিশকে।
শুক্রবার সকালে কালাপাহাড়ির জঙ্গলের পাশ দিয়ে যাতায়াতের সময় দুর্গন্ধ পান কয়েক জন। উৎস খুঁজতে গিয়ে ঝোপের মধ্যে দেখা যায়, পড়ে আছে এক সদ্যোজাতের মৃতদেহ। চারপাশে ঘিরে ধরেছে কুকুরের দল। তড়িঘড়ি কুকুর তাড়িয়ে খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পাঠায় আসানসোল জেলা হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
কে বা কারা সদ্যোজাতের দেহ ফেলে রেখে গিয়েছে, তা এখনও অজানা। ইতিমধ্যেই স্থানীয় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকায় চলছে জিজ্ঞাসাবাদ। পাশাপাশি কাছাকাছি রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘শুক্রবার সকালে কালিপাহাড়ি থেকে সদ্যোজাতের দেহ উদ্ধার হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হবে।’’
এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথায়, এমন দৃশ্য চোখে দেখা যায় না। মনে হচ্ছে বাইরের কেউ এসে সদ্যোজাতের দেহ ফেলে রেখে গিয়েছে।