লক্ষ্য— ব্রাত্যের বিধানসভা এলাকার ভোটারদের কাছে পৌঁছে দেওয়া যে, ‘‘বাংলার শিক্ষামন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছেন।’’

ব্রাত্য বসু ও শুভেন্দু অধিকারী।
শেষ আপডেট: 5 September 2025 15:29
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার বিশেষ অধিবেশনে সেনাবাহিনীর (Army controversy) প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) মন্তব্যকে হাতিয়ার করে এবার রাস্তায় নামতে চলেছে বিজেপি (BJP)।
সূত্রের খবর, চলতি মাসেই দমদমে (Dumdum) বড়সড় মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। লক্ষ্য— ব্রাত্যের বিধানসভা এলাকার ভোটারদের কাছে পৌঁছে দেওয়া যে, ‘‘বাংলার শিক্ষামন্ত্রী ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছেন।’’
প্রসঙ্গত, অধিবেশনে আলোচনার সময় ব্রাত্য বলেন, ‘‘আমাদের রাজনৈতিক আন্দোলনের মঞ্চ সেনাবাহিনী ভেঙে দিল। তখন আমার মনে পড়ছিল ১৯৭১ সালের ২৫ মার্চের রাতের কথা, যখন বাংলাদেশের ঢাকায় পাক সেনারা গুলি চালিয়েছিল।’’ এই মন্তব্যকেই কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে বিজেপি শিবির। অধিবেশনে প্রবল আপত্তি জানিয়ে সরব হন বিরোধী দলনেতা। শেষমেশ তাঁকে সাসপেন্ডও করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
অধিবেশন ছেড়ে বেরিয়ে এসেও বিরোধীরা বিষয়টি ছাড়েনি। শিক্ষামন্ত্রীর বক্তব্যের রেকর্ডিং ভাইরাল করতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব। এখন লক্ষ্য, সরাসরি দমদমের মাটিতে নেমে মানুষের কাছে পৌঁছনো। শুভেন্দুর দাবি, ‘‘সেনাবাহিনীকে পাকিস্তানি সেনার সঙ্গে তুলনা করেছেন শিক্ষামন্ত্রী। আমরা এই বার্তা প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দেব।’’
রাজনৈতিক মহলের মতে, পুজোর মরশুম শুরু হওয়ার আগে ব্রাত্যের কেন্দ্রেই সরব হতে চাইছে বিজেপি। কারণ দমদমের ভোটারদের মন জয় করাই এ মুহূর্তে নন্দীগ্রামের বিধায়কের প্রধান কৌশল। শুধু দমদম নয়, ব্রাত্যের মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যজুড়েই আন্দোলনের পরিকল্পনা রয়েছে বিজেপির একাংশের। ফলে উৎসবের আগে আবারও রাজনীতির ময়দান গরম হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।