কিছুদিন আগে কোচবিহারের ঘোকসাডাঙার খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। তারপর বারাসতে ফের শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 August 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: ন্যায্য মূল্যে আলুর দাম না পাওয়ার অভিযোগে সিঙ্গুরে কৃষকদের নিয়ে এদিন বিক্ষোভ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে সেখানে যাওয়ার পথে ডানকুনিতে (Dankuni) শুভেন্দুর কনভয় লক্ষ্য করেও কালো পতাকা দেখানো হয়। শোনা যায়, ‘জয় বাংলা’ এবং ‘চোর চোর’ স্লোগান ধ্বনিত হয় বিরোধী নেতার গাড়ির সামনে। এই ইস্যুতে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়।
শুধু তাই নয়, কাঁচরাপাড়ায় (Kachrapara) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলের আগেও উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি সমর্থকদের বচসা বাঁধে।
কিছুদিন আগে কোচবিহারের ঘোকসাডাঙার খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। তারপর বারাসতে ফের শুভেন্দু অধিকারীর ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
বিজেপির দাবি ছিল, শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করেই হামলার চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, প্রথমে বিজেপির মিছিল থেকেই আইএনটিটিইউসি কার্যালয়ের সামনে থাকা কর্মীদের ওপর চড়াও হয় বিজেপি সমর্থকেরা।
বুধবার কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল কাঁচরাপাড়া এবং ডানকুনিতে। যদিও শুভেন্দু এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের কটাক্ষ করে বলেন, সব জায়গায় বিজেপি ওদের সাইজ করে দিচ্ছে, আবার করবে।