পশ্চিমবঙ্গের ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এক ধাক্কায় রাজ্যের পুলিশ ও প্রশাসনের একাধিক শীর্ষ কর্তাকে (EC removes DG-CP) সরিয়েছিল নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার, ADG আইনশৃঙ্খলা বিনীত গোয়েল।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং পীযূষ পাণ্ডে
শেষ আপডেট: 16 March 2026 15:39
দ্য ওয়াল ব্যুরো: রবিবার পশ্চিমবঙ্গের ভোট ঘোষণার (West Bengal Assembly Election 2026 Dates) কয়েক ঘণ্টার মধ্যেই এক ধাক্কায় রাজ্যের পুলিশ ও প্রশাসনের একাধিক শীর্ষ কর্তাকে (EC removes DG-CP) সরিয়েছিল নির্বাচন কমিশন। তাঁদের মধ্যে ছিলেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে (Piyush Pandey), কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার (Supratim Sarkar), ADG আইনশৃঙ্খলা বিনীত গোয়েল (Vineet Goyal)। সোমবার তাঁদেরই নতুন দায়িত্ব দিল নবান্ন।
বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পীযূষ পাণ্ডে হয়েছেন ডিরেক্টর সিকিউরিটি, সুপ্রতীম সরকারকে করা হয়েছে ADG সিআইডি এবং বিনীত গোয়েলকে ডিজি এবং আইজিপি, আইবি করা হয়েছে। ডিরেক্টর সিকিউরিটির পদে থাকা মনোজ কুমার ভার্মাকে অ্যাডিশনার ডিরেক্টর সিকিউরিটি করা হয়েছে এবং লক্ষ্মী নারায়ণ মিনা, যিনি এডিজি এবং আইজিপি সিআইডি ছিলেন, তাঁকে এডিজি কারেকশনাল সার্ভিসের দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার ভোট ঘোষণার পরপরই রাজ্যের মুখ্য সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নয়াদিল্লির নির্বাচন সদনের নির্দেশ অনুযায়ী, আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে (১৯৯৩ ব্যাচ) পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি সিনিয়র আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষকে (১৯৯৭ ব্যাচ) স্বরাষ্ট্র সচিব তথা প্রিন্সিপাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে বসানো হয়েছে।
আরও একটি বড় পদক্ষেপ কমিশন ১২ ঘণ্টার মধ্যেই সেরে ফেলেছে। কমিশনের কাছে অভিযোগ ছিল, ভোটের সময়ে রাজ্যের বিভিন্ন জেল থেকে অপরাধীদের ছেড়ে দেওয়া হয়। তা যাতে এবার না হয় তাই রাজ্যের সংশোধনাগারগুলির দায়িত্বে থাকা ডিজি (কারেকশনাল হোম) পদেও নতুন মুখ নিয়ে এসেছে কমিশন। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র আইপিএস অফিসার নটরাজন রমেশ বাবু।
মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে খবর, বেশ কয়েকটি জেলায় জেলা শাসক ও পুলিশ সুপার বদলের নকশাও তৈরি হয়ে গেছে। কিছু জেলায় দু’জনকেই সরানো হবে। কিছু জেলায় কোনও একজনকে সরানো হবে।