ঘটনার মাত্র ৪৮ ঘণ্টা আগে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি হওয়া পদক উদ্ধার করেছিল পুলিশ। তাই এলাকাবাসীর আশা, কোন্নগরের এই চুরিরও দ্রুত কিনারা হবে।

বুলা চৌধুরীর পর এবার নাট্যশিল্পীর বাড়িতে চুরি
শেষ আপডেট: 19 August 2025 07:51
দ্য ওয়াল ব্যুরো: হিন্দমোটরে পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর (Bula Chowdhury) বাড়িতে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তরপাড়া (Uttarpara) থানা এলাকায় চাঞ্চল্য। এ বার কোন্নগরের মাস্টারপাড়ায় নাট্যশিল্পী অভিরূপ গুপ্তের বাড়িতে চুরির (Robbery) ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।
অভিরূপ গুপ্ত কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর মেজো ভাই অভিজিৎ গুপ্তর মৃত্যুর পর স্ত্রী শিপ্রা গুপ্ত বাড়ির একাংশে থাকেন। তবে সম্প্রতি নাতনি হওয়ায় তিনি ব্যারাকপুরে মেয়ের বাড়ি গিয়েছিলেন। সেই সময়ে বাড়িতে তালা লাগানো ছিল। অভিযোগ, রবিবার সন্ধের পর কোনও সময় চোরেরা পিছনের গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। আলমারির তালা ভাঙা হয়নি, চাবি ব্যবহার করেই খুলে নিয়ে যাওয়া হয়েছে সোনা, টাকা ও আরও মূল্যবান জিনিসপত্র। সোমবার সন্ধের পর ঘটনাটি নজরে আসতেই থানায় খবর দেওয়া হয়।
অভিরূপবাবুর অভিযোগ, “ঘরে ঢোকার ধরণ দেখে মনে হচ্ছে পরিচিত কেউই এই কাজ করেছে। অচেনা কারও পক্ষে এটা সম্ভব নয়।” প্রতিবেশী অর্ণব দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “উত্তরপাড়ায় মানুষের নিরাপত্তা বলে কিছু নেই। বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়া যাচ্ছে না।”
স্থানীয় কাউন্সিলর বিশ্বনাথ চক্রবর্তী জানান, “পুলিশ ও পরিবারের অনুমান অনুযায়ী ঘটনায় পরিচিত কারও যোগ থাকতে পারে। একজনকে আটক করা হয়েছে বলেই শুনেছি। তবে এলাকায় সর্বত্র সিসি ক্যামেরা নেই। গত এক বছরে কয়েকটি অঘটন ঘটেছে। পুলিশকে আরও সক্রিয় হতে হবে, টহল বাড়াতে হবে।”
উল্লেখ্য, ঘটনার মাত্র ৪৮ ঘণ্টা আগে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি হওয়া পদক উদ্ধার করেছিল পুলিশ। তাই এলাকাবাসীর আশা, কোন্নগরের এই চুরিরও দ্রুত কিনারা হবে।