অধীর চৌধুরির দাবি, নিজে থেকে নিরাপত্তা চেয়ে কোনও সময় চিঠি দেননি তিনি। অভিষেকের অভিযোগ খারিজ করে আধীর জানিয়েছেন তার নিরাপত্তা বলয়ে রাজ্য পুলিশও রয়েছে।

অধীর চৌধুরি
শেষ আপডেট: 30 March 2026 17:52
দ্য ওয়াল ব্যুরো: রবিবার মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী সভা (West Bengal Assembly Election 2026) ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সেখান থেকেই বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরির (Adhir Chowdhury) বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সরাসরি আক্রমণ শানিয়ে অভিষেকের দাবি ছিল, বিজেপি-র সঙ্গে সেটিং রয়েছে অধীর চৌধুরির। নওদার সভা থেকে অধীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। এবার সেই অভিযোগের বিস্ফোরক জবাব দিলেন জবাব দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী নিজেই। আধীরের দাবি, তাঁকে খুন করার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
প্রাক্তন সাংসদ এবং বহরমপুর আসনে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরি অভিষেকের পাল্টা তোপ দেগে বলেন, “আমার নিরাপত্তা আজ থেকে নেই। আমি যখন সংসদে ছিলাম তখন থেকে আমার নিরাপত্তা রয়েছে।” অধীর জানিয়েছেন যারা এই নিরাপত্তা দেন তাদেরকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করতে হবে। তাঁর দাবি, নিজে থেকে নিরাপত্তা চেয়ে কোনও সময় চিঠি দেননি তিনি। অভিষেকের অভিযোগ খারিজ করে আধীর জানিয়েছেন তার নিরাপত্তা বলয়ে রাজ্য পুলিশও রয়েছে। কনভয়ে প্রথম পাইলট গাড়ি রাজ্য পুলিসের থাকে বলে জানিয়েছেন তিনি।
এরপরেই একযোগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। অধীর চৌধুরির পালটা অভিযোগ, “আমি তো খোকাবাবুর মত সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। তিনি কেন এত নিরাপত্তা পেলেন?” বিস্ফোরক অধীরের দাবি, “আমার নিরাপত্তার পিছনে কারণ আছে। মমতা নিজে আমাকে খুন করাতে চায়। ডোমকলে যে হুমায়ুন কবীরকে প্রার্থী করেছে, সে যখন এসপি ছিল তখন আমায় খুন করার পরিকল্পনা করেছিল। সেটা আমি আগেও বলেছি, আজও বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সে এই কাজ করেছিল।”
রবিবার নওদার সভা থেকে অভিষেক প্রশ্ন তোলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে রয়েছেন। তাঁকে নিরাপত্তা দেয় রাজ্যের পুলিশ। আর অধীর চৌধুরি এবং হুমায়ুন কবীরকে নিরাপত্তা দেয় সিআরপিএফ। কেন?” তাঁর দাবি, সাংসদ না হয়েও নিরাপত্তা পাচ্ছেন অধীর। অভিষেক আরও বলেন, “আমি জানি, এ কথা বললেই ওঁরা বলবেন, রাজ্য পুলিশ ওঁদের নিরাপত্তা দেয় না। বাজে কথা। মানুষকে অত্যাচার করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আপনি মানুষের প্রতিনিধি হলে তাঁদের নিরাপত্তা ফিরিয়ে দিন। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকার আপনাকে নিরাপত্তা দেবে”।
এখানেই থেমে থাকেননি তিনি। তৃণমূল-বিজেপি সেটিং এর তত্ত্ব খারিজ করে অভিষেক আধীরকে পালটা আক্রমণ করেন। তিনি বলেন, কে সেটিং করে রেখেছে মানুষ দেখতে পাচ্ছে। “দিল্লিতে সব প্রাক্তন সাংসদকে বাড়ি ছেড়ে দিতে হয়েছে। অথচ অধীর চৌধুরীর বাড়ি এখনও রয়েছে। বুঝুন সেটিং”।
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) ২৮৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। রবিবার বিকেলে ঘোষণা হওয়া এই তালিকায় বহরমপুর থেকে প্রার্থী করা হয়েছে অধীর চৌধুরিকে।