রবিবার মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী সভা ছিল অভিষেকের। অধীর চৌধুরী ও হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির সেটিং রয়েছে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 29 March 2026 16:10
দ্যা ওয়াল ব্যুরো: অধীর চৌধুরী (Adhir Chowdhury) ও হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপির সেটিং রয়েছে বলে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী সভা (West Bengal Assembly Election 2026) ছিল অভিষেকের। সেই সভায় তিনি সরাসরিই বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে রয়েছেন। তাঁকে নিরাপত্তা দেয় রাজ্যের পুলিশ। আর অধীর চৌধুরি এবং হুমায়ুন কবীরকে নিরাপত্তা দেয় সিআরপিএফ। কেন?”
অভিষেক আরও বলেন, “আমি জানি, এ কথা বললেই ওঁরা বলবেন, রাজ্য পুলিশ ওঁদের নিরাপত্তা দেয় না। বাজে কথা। মানুষকে অত্যাচার করেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আপনি মানুষের প্রতিনিধি হলে তাঁদের নিরাপত্তা ফিরিয়ে দিন। ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকার আপনাকে নিরাপত্তা দেবে”।
মুর্শিদাবাদে তৃণমূল আর বিজেপির সেটিং রয়েছে বলে গত বছর খানেক ধরে লাগাতার অভিযোগ করছেন অধীর। তাঁর অভিযোগ, বিজেপি-তৃণমূল সেটিং করে লোকসভা ভোটের আগে জেলায় দাঙ্গা বাধিয়েছিল। এবারও সেই চেষ্টা শুরু করেছে।
নওদার সভা থেকে সরাসরি এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, কে সেটিং করে রেখেছে মানুষ দেখতে পাচ্ছে। “দিল্লিতে সব প্রাক্তন সাংসদকে বাড়ি ছেড়ে দিতে হয়েছে। অথচ অধীর চৌধুরীর বাড়ি এখনও রয়েছে। বুঝুন সেটিং”।
তাঁর আরও অভিযোগ, এসআইআর-এ প্রায় ২৭ জন মানুষের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ জেলায়। তৃণমূল বাদে কোনও নেতা এই পরিবারগুলির পাশে দাঁড়ায়নি। শুধু তা নয়, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া পাওনা নিয়েও অধীর চৌধুরী কেন্দ্রের কাছে দাবি করেননি বা চিঠি লেখেননি। রাজ্যের দাবি নিয়ে কেন্দ্রের কাছে তাঁর লড়াইয়ের প্রমাণ দেখাতে পারলে রাজনীতির ময়দান থেকে তিনি সরে যাবেন বলেও জানান তৃণমূল সাংসদ।
ঘটনা হল, লোকসভা ভোটে পরাস্ত হলেও এবারের বিধানসভায় ফের তেড়েফুঁড়ে নেমেছেন অধীর। বহরমপুরে তিনি প্রার্থী হতে পারেন। সেই সঙ্গে মুর্শিদাবাদে অন্তত ৬ থেকে ৭ টি আসনে তিনি সিরিয়াস লড়াই দেবেন বলে মনে করা হচ্ছে। আবার ভোটের আগে তৃণমূল ছে়ড়ে বেরিয়ে গেছেন হুমায়ুন কবীর। এই অবস্থায় তৃণমূল যে জেলায় কিছুটা চাপের মধ্যে রয়েছে সেই আলোচনা রাজ্য রাজনীতিতে রয়েছে। তৃণমূলের চেষ্টা হল, অধীর ও হুমায়ুনের সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগ তুলে জেলায় সংখ্যালঘু ও ধর্ম নিরপেক্ষ ভোটের বিভাজন রুখে দেওয়া।
নওদায় তৃণমূলের প্রার্থী বাছাই নিয়ে দলের মধ্যে কোন্দল রয়েছে। এদিনের সভার শুরুতেই তাই সেই প্রসঙ্গ তোলেন অভিষেক। সেই সঙ্গে বলেন, কারও যদি প্রার্থী পছন্দ না হয়, মনে করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী। কিন্তু বিশৃঙ্খলা বরদাস্ত করব না। দল কঠোর ব্যবস্থা নেবে।
তৃণমূলের জয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "প্রথম দফার নির্বাচনে মুর্শিদাবাদ ঘাড় আর হাত ভাঙবে। পরের দফায় ডায়মন্ড হারবারে আমি এদের কোমর আর পা ভেঙে, বল হরি হরি বোল করে দেব।" বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, সারা দেশে বিভিন্ন দল ভেঙে বিজেপিতে যোগ দিচ্ছে, অথচ বাংলায় তৃণমূল একমাত্র দল যেখানে বিজেপি ভেঙে সবাই তৃণমূলে যোগ দিচ্ছে। তাঁর দাবি, বিজেপিকে ভাঙার ক্ষমতা একমাত্র তৃণমূলের রয়েছে। আর কারও নেই।
নওদা সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা। অভিষেকের এ কথাও যে তাঁদের উদ্দেশ করে তা বলাবাহুল্য।