ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। অভিযুক্ত তিন জওয়ানকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে।

তৃণমূল কার্যালয়ে ক্যারম খেললেন জওয়ানরা, কড়া নির্বাচন কমিশন
শেষ আপডেট: 29 March 2026 17:55
দ্য ওয়াল ব্যুরো: ভোটমুখী বাংলায় (West Bengal Assembly Election 2026) কেন্দ্রীয় বাহিনীর ‘নিরপেক্ষতা’ নিয়ে যখন টানাপড়েন চলছে, ঠিক তখনই বীরভূমে দানা বাঁধল নতুন বিতর্ক। তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে ঘাসফুল শিবিরের কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ক্যারম খেলছেন— এমন একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। অভিযুক্ত তিন জওয়ানকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদের (Murshidabad) নিমতিতাতেও এক তৃণমূল নেতার (TMC Iftar) ইফতার পার্টিতে যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সাতজন বিএসএফ জওয়ান। তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়েছিল কমিশন।
ঠিক কী দেখা গিয়েছে ভিডিওয়?
ভাইরাল হওয়া ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে, সিউড়ির একটি তৃণমূল কার্যালয়ে ক্যারম বোর্ড ঘিরে জটলা পাকিয়ে রয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে তিনজনের পরনে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর পোশাক। এক জওয়ানকে ঘুঁটিতে টোকা মারতেও দেখা যায়। পাশে বসে ও দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় পাঁচ-সাতজন যুবক, যাঁদের তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করেছে বিরোধীরা। রাজ্যে আদর্শ আচরণবিধি বলবৎ থাকাকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানেরা কীভাবে শাসকদলের কার্যালয়ে ঢুকে আড্ডা জমালেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
কমিশনের কড়া দাওয়াই
বিজেপির তরফে কমিশনের দৃষ্টি আকর্ষণ করার পর বিষয়টি নিয়ে নড়চড় শুরু হয়। কমিশন সূত্রে খবর, প্রাথমিক তদন্ত ও ভিডিওর সত্যতা যাচাইয়ের পর ওই তিন জওয়ানকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ছাব্বিশের নির্বাচনে আর কোনও ডিউটিতে থাকতে পারবেন না এই তিন জওয়ান।
আাগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় বাংলার ২৯৪টি আসনে ভোটগ্রহণ। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কমিশন বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে। সেই অবস্থায় ৩ জওয়ানের এই বালখিল্য আচরণ বাহিনীর ভাবমূর্তি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করছে কমিশন।
প্রশ্ন হল, লঘু পাপে কেন গুরু দণ্ড দেওয়া হল? সিইও দফতর সূত্রে বলা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি জওয়ানের উদ্দেশে এই বার্তা। তাঁরা যেন মনে রাখেন সামান্য বেচাল বা অসদাচরণ বরদাস্ত করা হবে না। সে রকম হলে শাস্তির রেকর্ড তাঁদের সার্ভিস বুকে থেকে যেতে পারে।