সোমবারের সভা থেকে একাধিকবার মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল সংখ্যালঘুদের কথা। মুখ্যমন্ত্রী বলেন, "আমি হিন্দু হয়ে সবাইকে নিয়ে সরকার চালিয়েছি।"

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 30 March 2026 15:09
দ্য ওয়াল ব্যুরো: পাঁশকুড়ার সভা থেকে ফের একবার বিজেপিকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, বিজেপি (BJP) একটাও আসন পেলে তাঁরা বাংলার মানুষের সবকিছু কেড়ে নেবে, তাদের খাওয়া বন্ধ করে দেবে। সোমবারের সভা থেকে একাধিকবার মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল সংখ্যালঘুদের কথা। তাঁর আবেদন, প্রার্থী (West Benagl Assembly Election 2026) সংখ্যালঘু হলেও যেন ভোটাররা তাঁর থেকে মুখ ফিরিয়ে না নেন।
নিজে বাঁচো এর অন্যকে বাঁচতে দাও, এই মন্ত্রের কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে সব ধর্মের মানুষ থাকবে। আপনাদের এখানে প্রার্থী একজন সংখ্যালঘু। কোনও মুসলিম তো আমায় প্রশ্ন করেনি মমতা ব্রাহ্মনের মেয়ে, ওকে কেন মুখ্যমন্ত্রী করব। এই আসনে সংখ্যালঘু প্রার্থী হলেও মুখ ফেরাবেন না। মনে রাখবেন, তফশিলিদের জন্য রিজার্ভেশন আছে। তাঁদেরকে রিজার্ভেশনের তুলনায় বেশি আসন দিয়েছি। সংখ্যালঘুদের আসন সংরক্ষণ নেই। তাঁদেরও আসন দিতে হবে। তাঁদের ৩৩ শতাংশ ভোট আছে। আমি হিন্দু হয়ে সবাইকে নিয়ে সরকার চালিয়েছি।"
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “সেনায় সব ধর্মের মানুষ থাকে। কিন্তু ধর্ম অন্য জায়গায়, যুদ্ধে নয়। এটা গণতন্ত্র বাঁচানোর লড়াই। সবাইকে নিয়ে বাঁচতে চাইলে তৃণমূল কংগ্রেসের কোনও বিকল্প নেই।” মানুষের খাবারের উপর বিজেপি আক্রমণ চালাচ্ছে এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার ওরা কেড়ে নেবে। ভুলে যান প্রার্থী কে। আমাদের একটা প্রার্থী জেতা মানে আমাদের সরকার প্রতিষ্ঠা করা। কিন্তু, একটাও আসন বিজেপি জেতা মানে ওরা আপনার কাছ থেকে সব কেড়ে নেবে। একটাও আসন জিতলে বিজেপি আপনার খাওয়া বন্ধ করে দেবে।”
মুখ্যমন্ত্রীর পাঁশকুড়ার সভায় ফিরে এল ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। তাঁর অভিযোগ, বার বার কেন্দ্রের কাছে আবেদন জানালেও মাস্টার প্ল্যানের টাকা দিতে অস্বীকার করেছে বিজেপি সরকার। তিনি বলেন, "দিল্লির জমিদারদের কাছে বার বার আবেদন জানিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। আমি প্রতিবার এখানে আসি বলে আমি জানি, মানুষ কত কষ্টে থাকে। এতদিন বলার পরেও ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। আমরা রাজ্যের তরফ থেকে দেড় হাজার কোটি দিয়েছি। কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে সারা মেদিনীপুর জেলা উপকৃত হবে।"
সপ্তাহের প্রথম দিনেই হলদিয়ায় ‘বিজয় সঙ্কল্প সভা’ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, নন্দীগ্রামের পাশপাশি এবার ভবানীপুরেও মুখ্যমন্ত্রীকে হারাবেন তিনি। তাঁর আহ্বান, “বাংলাকে জামাতের হাত থেকে বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেওয়া যাবে না।” কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) বলেন, আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনও ইস্যু নেই। সেই কারণেই খাবার নিয়ে রাজনীতি করছেন তিনি।