সপ্তাহের প্রথম চারদিন, অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদ যাবে না উত্তরবঙ্গও।

ফাইল ছবি
শেষ আপডেট: 30 July 2025 16:39
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা সক্রিয় রাজ্যে। আগামী ক'দিন টানা বৃষ্টি চলবে বঙ্গের দুই প্রান্তে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে দিঘা হয়ে পশ্চিমে বিস্তৃত, আর উপরের বায়ুমণ্ডলে সাইক্লোনিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই বৃষ্টি আপাতত থামছে না।
সপ্তাহের প্রথম চারদিন, অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও ভাল মতো বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী ক'দিনের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ক্যানিং-এ ইতিমধ্যেই বৃষ্টির পরিমাণ ৭৭ মিলিমিটার ছুঁয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আরও একটি জেলায় ৪ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিনও হতে পারে।
কলকাতায় সপ্তাহজুড়ে আকাশ মেঘলা থাকবে। বজ্রপাত হতে পারে কোথাও কোথাও। তবে আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি হয়নি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে।