বর্ষায় এমন জুতো বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ যা একই সঙ্গে গ্রিপ দেবে, ওয়াটারপ্রুফ, আর স্টাইল স্টেটমেন্টও হবে।

শেষ আপডেট: 18 July 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা মানেই কাদা-জলে ভরা রাস্তা, এই সময় জুতো বেছে নেওয়া একটা বড় চ্যালেঞ্জ। স্লিপ করে যেতে পারে, ভিজে যেতে পারে, আবার জামা কাপড়ের সঙ্গে মানানসই চাই। ফ্যাশন সচেতনরা কি তা বলে স্টাইল বিসর্জন দেবেন? মোটেই না! বর্ষার জন্য এমন জুতো বেছে নিতে হবে, যেগুলো স্টাইলিশও হবে আবার ভেজা রাস্তার জন্য পারফেক্টও। কী ধরনের জুতোয় আপনি পাবেন কমফর্ট, কোন রং-ই বা ট্রেন্ডিং, জানালেন জনপ্রিয় স্টাইলিস্ট অনন্যা গুহ।
কী ধরনের জুতো বেছে নেবেন বর্ষায়?
স্টাইলিস্ট অনন্যা বলছেন, 'বর্ষায় সব থেকে নিরাপদ ও ট্রেন্ডি অপশন হল পিভিসি বা রাবারের জুতো। এগুলো হালকা, জল লাগলেও তেমন কিছু হবে না, আবার দেখতে স্টাইলিশ। বিশেষ করে প্যাস্টেল রঙের ট্রান্সপারেন্ট বেলি বা জেলি স্যান্ডেল এই বছর খুব ট্রেন্ড করছে।'
যাঁরা অফিস যান বা ডেলি ট্রাভেল করেন, তাঁদের জন্য তিনি সুপারিশ করছেন রাবার সোল যুক্ত ফ্ল্যাট লোফার বা স্লিপ-অন মিউলস। এগুলো দেখতে যতটা সুন্দর, চলাফেরাতেও ততটাই আরামদায়ক।
কী রঙের জুতো ট্রেন্ডে?
অনন্যার কথায়, 'এই বর্ষায় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে পিচ, ম্যান্ডারিন, ল্যাভেন্ডার, লেমন ইয়েলো, মিন্ট গ্রিন আর ব্লাশ পিঙ্ক শেড। এ ছাড়াও যারা মিনিমাল লুক পছন্দ করেন, তাঁরা যেতে পারেন ক্লাসিক ব্ল্যাক বা নেভি ব্লু রাবার ফ্ল্যাটে।'
কী জুতো একেবারেই এড়িয়ে চলবেন বর্ষায়?
ক্যানভাস বা সুয়েডের জুতো একেবারেই নয় বর্ষায়, বলছেন অনন্যা। এগুলো ভিজলে শুকোতে অনেক সময় লাগে আর দুর্গন্ধও হতে পারে। আবার চামড়ার জুতোও ভিজলে নষ্ট হয়ে যেতে পারে। হিল বা স্লিপারি সোল যুক্ত জুতো এই সময় বিপজ্জনক।
বর্ষায় এমন জুতো বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ যা একই সঙ্গে গ্রিপ দেবে, ওয়াটারপ্রুফ, আর স্টাইল স্টেটমেন্টও হবে। আজকাল বিভিন্ন অনলাইন বা অফলাইন ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে এই ধরনের স্টাইলিশ বর্ষার জুতো, এক্সপেরিমেন্ট করতে ভয় পাবেন না।