আবহাওয়ার গতিপথ বলছে, মৌসুমি অক্ষরেখার পশ্চিম অংশ ২৬ মে থেকে এবং পূর্ব অংশ ২৯ মে থেকে একই জায়গায় স্থির হয়ে রয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 June 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে বর্ষার দেখা মিলতে চলেছে রাজ্যে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। যা ধীরে ধীরে বাড়তে শুরু করবে শুক্রবার থেকেই। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই কদিন। দিও আদ্রতা-জনিত অস্বস্তি থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। সোমবার থেকে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। এই সময়ে দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম এবং দুই ২৪ পরগনায় বর্ষণ বেশি হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। কলকাতাতেও বৃষ্টি দফায় দফায় বাড়বে। গরম কিছুটা কমবে শহরে।
এদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। রবিবার পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আলিপুর জানাচ্ছে, বুধবার থেকে ফের বৃষ্টি বাড়বে। বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, মালদহ ও দুই দিনাজপুরে।
এই বৃষ্টিতে পাহাড়ি জেলায় ধস নামার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে। তিস্তা, তোর্সা, জলঢাকা—সব নদীতেই জল বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে আগাম সতর্ক করেছেআবহাওয়া দফতর। পর্যটকদের জন্যও পরামর্শ দেওয়া হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পাহাড়ে ভ্রমণ করলে সাবধান থাকতে হবে। দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়কপথে চলাচলে বিঘ্ন ঘটতে পারে। শষ্যেরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়ার গতিপথ বলছে, মৌসুমি অক্ষরেখার পশ্চিম অংশ ২৬ মে থেকে এবং পূর্ব অংশ ২৯ মে থেকে একই জায়গায় স্থির হয়ে রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু এসে থেমেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। তবে আগামী পাঁচ দিনে তা এগোবে। ওড়িশা ও ছত্তীসগড়ের কিছু অংশে আগামী দু’দিনে অক্ষরেখা সক্রিয় হয়ে উঠবে বলে পূর্বাভাস। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও গুজরাতের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে চলেছে।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গের জন্য বর্ষা প্রবেশের পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হচ্ছে। ফলে আগামী সপ্তাহজুড়ে রাজ্যে কম-বেশি বৃষ্টি হবেই।