ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা তাঁদের সন্তানদের নিয়ে পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার বিকেলে ছত্তীসগড়ের কানহা ন্যাশনাল ফরেস্ট ঘুরে বিলাসপুর স্টেশন যাওয়ার পথে জাতীয় সড়কে তাঁদের এসইউভি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

শেষ আপডেট: 6 October 2025 18:22
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ছত্তীসগড়ের কানহা ন্যাশনাল ফরেস্ট থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের। মৃতদের মধ্যে রয়েছেন হুগলির একটি স্কুলের শিক্ষিকা ও তাদের পরিবারের সদস্যরা।
ডানকুনি শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম উচ্চ বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষিকা তাঁদের সন্তানদের নিয়ে পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার বিকেলে ছত্তীসগড়ের কানহা ন্যাশনাল ফরেস্ট ঘুরে বিলাসপুর স্টেশন যাওয়ার পথে জাতীয় সড়কে তাঁদের এসইউভি গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে চালক-সহ মোট দশজন ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় বলে জানা গেছে। বাকিদের চিকিৎসা চলছে একটি বেসরকারি হাসপাতালে।
শ্রীরামপুরের বাসিন্দা মুনমুন বাগ ও তাঁর ছেলে ছিলেন এই পর্যটক দলে। মুনমুন ডানকুনির শ্রীরামকৃষ্ণ বিদ্যাশ্রম স্কুলের শিক্ষিকা। তাঁর স্বামী দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে রওনা দেন।
হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের বাড়ির কাছে ওই স্কুল। সুবীরবাবু স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেন। হুগলির ডিআই এবং অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) এর সঙ্গে কথা বলে দুর্ঘটনায় পড়া শিক্ষিকাদের সব রকম সাহায্যের আশ্বাস দেন। শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন, "খুবই মর্মান্তিক দুর্ঘটনা। ডানকুনি স্কুলের শিক্ষিকারা যেমন ছিলেন তেমন এই স্কুল থেকে কলকাতার একটি স্কুলে চলে যাওয়া এক শিক্ষিকাও তাদের সঙ্গে ছিলেন বলে শুনেছি। ছত্তীসগড়ে যে কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে আমাদের সাংসদ আছেন। তিনিও সব রকম ব্যবস্থা করবেন।"