ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বারুইপুর থেকেই প্রচারের ময়দানে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! ব্রিগেডের আদলে ক্রস ব়্যাম্পে সাজছে তাঁর জনসভার মঞ্চ, নজর কাড়ছে প্রস্তুতি।

প্রস্তুতি চলছে
শেষ আপডেট: 1 January 2026 23:03
দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা ভোট (Assembly Election 2026) যত এগোচ্ছে, উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে। বছরের একেবারে শুরুতেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চলেছেন তৃণমূল সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় দু’বছর পর নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার (Diamond Harbour) লোকসভায় মেগা জনসভার পথে তিনি। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur) তাঁর সভা যে কার্যত জনপ্লাবনে রূপ নিতে চলেছে, তা আঁচ করেই আগাম সতর্ক প্রশাসন।
এই সভার সবচেয়ে বড় আকর্ষণ মঞ্চসজ্জা। লোকসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) যে ‘র্যাম্প সংস্কৃতি’র সূচনা হয়েছিল, বারুইপুরে তারই পুনরাবৃত্তি হতে চলেছে। ফুলতলা সাগর সংঘের মাঠে (Sagar Sangha Ground) তৈরি হয়েছে কনসার্টের আদলে এক বিশাল মঞ্চ। মূল মঞ্চের সঙ্গে ক্রস র্যাম্পের মতো করে তৈরি হয়েছে ২০০ ফুট বাই ১৪০ ফুটের র্যাম্প, যার উপর দিয়েই জনতার মাঝখানে হেঁটে বক্তব্য রাখবেন অভিষেক। দুপুর ২টো থেকে শুরু হবে সভা।
মাঠের দক্ষিণ দিকে মূল মঞ্চ, তার দু’পাশে জনপ্রতিনিধিদের বসার জন্য আরও দুটি আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। মোট তিনটি মঞ্চে বসবেন বিধায়ক (MLA), জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি ও অন্যান্য জনপ্রতিনিধিরা। ৩১ জন বিধায়ক একদিকে, অন্যদিকে থাকবেন জেলা নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। মূল মঞ্চের পিছনে প্রায় ৪০ ফুটের এলইডি স্ক্রিন (LED Screen) বসানো হয়েছে, যাতে দূরের মানুষও সভা দেখতে পান। মঞ্চের দু’প্রান্তে রাখা হয়েছে দুটি আলাদা পোডিয়াম (Podium)।
নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। অভিষেক যখন র্যাম্পে ঘুরে বক্তৃতা দেবেন, তখন র্যাম্পের দু’ধারে মোতায়েন থাকবে সশস্ত্র পুলিশ (Armed Police)। তাঁর গাড়ি ঢুকবে একেবারে মঞ্চের পিছনে। জনপ্রতিনিধিদের বসার জন্য সেখানে আলাদা ঘরও তৈরি করা হয়েছে। বৈদ্যুতিন মাধ্যম ও সোশাল মিডিয়ার সাংবাদিকদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, এই সভায় জেলার দুই সাংগঠনিক এলাকা থেকেই কর্মী-সমর্থকদের আসবেন। বুথস্তর (Booth Level) থেকে জমায়েত করার লক্ষ্যে প্রস্তুতি চলছে। চারদিকে বসানো হয়েছে বড় বড় এলইডি স্ক্রিন, যাতে ভিড় হলেও সভা দেখায় অসুবিধা না হয়। জেলা নেতৃত্বের দাবি, রেকর্ড জমায়েত হতে চলেছে বারুইপুরে।
লোকসভা ভোটের আগে এমন মঞ্চে বড় বার্তা দিয়েছিলেন অভিষেক। পরিচয় করিয়েছিলেন লোকসভার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও। এই সভা থেকেও অভিষেক আগামী বিধানসভা ভোটে তৃণমূলের লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে দলের নির্বাচনী স্লোগান ও লোগো প্রকাশ করেছেন তিনি। এ বারের স্লোগান, ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’। বারুইপুরের র্যাম্পেও বড় করে লেখা হয়েছে সেই স্লোগান।
উল্লেখ্য, গোটা জানুয়ারি মাসজুড়েই রাজ্যের বিভিন্ন জেলায় কর্মসূচি করবেন অভিষেক। শনিবার তাঁর যাওয়ার কথা জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ারে (Alipurduar)। তৃণমূল সূত্রের দাবি, প্রায় সব জায়গাতেই এই ধরনের মঞ্চ প্রস্তুতির ভাবনা রয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের আগে ‘নবজোয়ার যাত্রা’ (Nabajowar Yatra) করেছিলেন অভিষেক। এ বার সেই যাত্রার পুনরাবৃত্তি না হলেও, দক্ষিণ থেকে উত্তর—আঁকাবাঁকা পথেই শুরু হচ্ছে তাঁর ছাব্বিশের লড়াই। বারুইপুরের মঞ্চ সেই লড়াইয়ের প্রথম বড় বার্তা।