এসআইআর সংক্রান্ত পাঁচ দফা প্রশ্ন নিয়ে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে ১০ জনের প্রতিনিধি দল নিয়ে গেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

জ্ঞানেশ কুমার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 31 December 2025 15:50
দ্য ওয়াল ব্যুরো: বাংলার এসআইআর (West Bengal SIR) সংক্রান্ত পাঁচ দফা প্রশ্ন নিয়ে বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের (ECI) অফিসে ১০ জনের প্রতিনিধি দল নিয়ে গেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। অভিষেকের দাবি, ইভিএমে (EVM) নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায় এবং তা করা হচ্ছে কমিশনের অফিস থেকেই! এই বলে বিজেপি বিরোধী দলগুলিকে বার্তাও দিলেন তৃণমূল সাংসদ (TMC MP)।
বাংলায় এক কোটির বেশি ভোটারের অসঙ্গতি রয়েছে বলে তথ্য উঠে এসেছে। এরা কারা, মূলত এই প্রশ্নের উত্তর পেতেই দিল্লিতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। তাঁর বক্তব্য ছিল, যদি সত্যিই ১ কোটির বেশি ভোটারের নামে ‘লজিক্যাল ডিসক্রিমেন্সি’ বা বাতিলের তালিকা থাকে, তা হলে সেই তালিকা জনসমক্ষে আনতে হবে কমিশন। একই ভাবে, এই তালিকায় ক’জন রোহিঙ্গা (Rohingya) বা বাংলাদেশি (Bangladeshi) রয়েছে, তারও নথি প্রকাশ করতে হবে।
এদিন ইসিআই-এর (ECI) সঙ্গে বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, অনেক বিষয়ে আলোচনা হলেও ২-৩টি বিষয় ছাড়া কোনও প্রশ্নের মন মতো উত্তর পাননি তাঁরা। এরপরই কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু করে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক। বলেন, অন্যান্য দল যেটা ধরতে পারেনি সেটা তৃণমূল ধরেছে - চুরি ইভিএমে নয়, হচ্ছে ভোটার তালিকায় (Voter List)।
অভিষেক বলেন, ''মহারাষ্ট্রে, হরিয়ানা, বিহারে, দিল্লিতে ভুলগুলি ধরতে পারেনি কংগ্রেস, আরজেডি, আম আদমি পার্টি। সব জায়গায় বিজেপি ৮৮ শতাংশের স্ট্রাইক রেটে জিতেছে, এটা কোনও কাকতালীয় ঘটনা নয়। এটা হয়েছে কারণ ভোটার তালিকায় চুরি হয়েছে এবং তা করা হয়েছে নির্বাচন কমিশনের দ্বারা।'' তৃণমূল সাংসদের বক্তব্য, কোন সফটওয়্যার ব্যবহার করে এইসব কাজ করা হচ্ছে, তা খতিয়ে দেখা উচিত।
তৃণমূলের প্রতিনিধি দলের প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক। সংবাদমাধ্যমে তিনি জানান, বাকি কমিশনারদের সঙ্গে কথা বলতেই দেননি জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, মেজাজ হারিয়ে তাঁর দিকে আঙুল তুলে কথাও বলেন তিনি! অভিষেকের চ্যালেঞ্জ, তিনি ভুল হলে কমিশন আড়াই ঘণ্টার ভিডিও ফুটেজ প্রকাশ করুক।
জ্ঞানেশ কুমারকে এই ইস্যুতে অভিষেকের কড়া বার্তা - আমাদের সঙ্গে কথা বলতে গেলে আঙুল নামিয়ে কথা বলতে হবে। কারণ আমরা জনতার দ্বারা নির্বাচিত, আপনাদের মতো মনোনীত নই।