ধর্নামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি দাবি করছে যে তারা বাংলায় ৫২ লক্ষ বাড়ি তৈরি করেছে। সেই দাবি জানিয়ে নানা বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেই দাবির ভিত্তি নেই বলেই অভিযোগ তাঁর।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 6 March 2026 20:36
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2026) আগে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা (West Bengal SIR Final Voter List) সংক্রান্ত বিতর্কে সরব হয়ে ধর্মতলায় ধর্না কর্মসূচি শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার থেকে কলকাতার মেট্রো চ্যানেলে শুরু হয়েছে সেই কর্মসূচি। এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)।
ধর্নামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপি (BJP) দাবি করছে যে তারা বাংলায় ৫২ লক্ষ বাড়ি তৈরি করেছে। সেই দাবি জানিয়ে নানা বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে সেই দাবির ভিত্তি নেই বলেই অভিযোগ তাঁর। অভিষেকের দাবি, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্র প্রকাশ করে স্পষ্ট হিসেব দিতে হবে।
তাঁর বক্তব্য, বাংলায় যত বাড়ি তৈরি হয়েছে, তার অধিকাংশই রাজ্য সরকারের উদ্যোগে হয়েছে। নিয়ম অনুযায়ী এই প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ আর্থিক সহায়তা দেওয়ার কথা থাকলেও বাস্তবে সেই অর্থও রাজ্য সরকারকেই বহন করতে হয়েছে বলে দাবি করেন তিনি।
ঠিক ওই সময়ে মুখ্যমন্ত্রী অভিষেকের উদ্দেশে বলেন, ‘‘বাবু, আমরা দিয়েছি ১ কোটি ২০ লক্ষ বাড়ি।’’ অভিষেক বলেন, ‘‘আমি এক বছরের ৩২ লক্ষের কথা বললাম।’’ মমতা তখন বলেন, ‘‘ওরা আবার বলছে, ৫২ লক্ষ দিয়েছে। একটা পয়সাও দেয়নি।’’ এই প্রেক্ষিতেও অভিষেকের সংযোজন, বাংলায় শেষ পাঁচ বছরে বিজেপি কতজনকে বাড়ি দিয়েছে সেই হিসেব শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে। একটি বাড়িও দিয়েছে দেখাতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন!
এর পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়েও গুরুতর অভিযোগ তোলেন তৃণমূল নেতা। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। বিশেষ করে ফর্ম-৬ এবং ফর্ম-৭ জমা পড়ার সংখ্যা নিয়ে গরমিল রয়েছে বলে অভিযোগ করেন তিনি। শুধু অভিযোগ নয়, এর পক্ষে প্রমাণও রয়েছে বলে দাবি তাঁর। সেই সব নথি আদালতে পেশ করা হবে বলেও জানান অভিষেক।
তাঁর আরও অভিযোগ, ভোটে জেতার জন্য পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। ‘যুক্তিগত অসঙ্গতি’ দেখিয়ে প্রায় এক কোটি মানুষের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে দলের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা বিষয়টি ধরতে পেরেছেন বলেই জানান।
এই প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক বার্তাও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন, ২০২১ সালের নির্বাচনের আগে কিছু সামাজিক সংগঠন ‘নো ভোট টু বিজেপি’ এই স্লোগান তুলেছিল। এবার শুধু ভোট না দেওয়াই নয়, সমাজের সব স্তরে বিজেপিকে বয়কট করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দাবি করেন, আগামী নির্বাচনে বিজেপিকে পঞ্চাশের নিচে নামিয়ে আনার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।