সরাসরি সিইও অফিসকে লক্ষ্য করে অভিষেকের প্রশ্ন, সিইও অফিসের দোতলায় কী রাখা রয়েছে? তাঁর অভিযোগ, যাঁদের সঙ্গে বাংলার কোনও স্থায়ী যোগ নেই, তাঁদের নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা হচ্ছে। এর পিছনে একটি পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলেই দাবি করেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 30 March 2026 20:41
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে ভোটার তালিকা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াল ফর্ম-৬ ইস্যু (Form 6)। নির্বাচন কমিশনের (ECI) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। সোমবার বিকেলে রাজ্যের সিইও দফতরে গিয়ে তিনি দাবি করেন, অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্তির আবেদন জমা পড়ছে, যা নিয়ে প্রশ্ন উঠছে স্বচ্ছতা নিয়ে।
সরাসরি সিইও অফিসকে লক্ষ্য করে অভিষেকের প্রশ্ন, সিইও অফিসের দোতলায় কী রাখা রয়েছে? তাঁর অভিযোগ, যাঁদের সঙ্গে বাংলার কোনও স্থায়ী যোগ নেই, তাঁদের নাম ভোটার তালিকায় তোলার চেষ্টা হচ্ছে। এর পিছনে একটি পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলেই দাবি করেন তিনি। তাঁর আশঙ্কা, ভিনরাজ্যের ‘পরিযায়ী’ লোকজনকে ভোটার সাজিয়ে বাংলার ভোটের ভবিষ্যৎ বদলে দেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির এবং সেই কাজ সঙ্গত দিচ্ছে নির্বাচন কমিশন।
এই প্রেক্ষিতেই সিইও দফতরের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান তিনি। তাঁর কথায়, “কমিশনের যদি কিছু লুকোনোর না থাকে, তাহলে ফুটেজ প্রকাশ করতে সমস্যা কোথায়? আমাদের কাছে প্রমাণ রয়েছে, পেটি পেটি ফর্ম-৬ জমা পড়েছে।”
কেন্দ্রীয় নেতা অমিত মালব্যকে নিশানা করে তাঁর এও অভিযোগ, জোর করে বিহার-উত্তরপ্রদেশ থেকে লোক ঢোকাতে ফর্ম-৬ ফিল-আপ করানো হচ্ছে। আর অমিতই দিল্লি থেকে ফোন করিয়ে এটা করাচ্ছেন। মহারাষ্ট্র, দিল্লিতেও এমনটা হয়েছিল। এবার তৃণমূলকে হারাতে বাংলায় এই কাজ করছে বিজেপি-কমিশন।
অন্যদিকে, বিজেপির তরফে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে, রাজ্যে তোষণের রাজনীতি চালিয়ে জনবিন্যাস বদলাচ্ছে তৃণমূল সরকার। সেই অভিযোগ খারিজ করে অভিষেক পাল্টা বলেন, “এক বছর ধরে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বাস্তবে যদি জনবিন্যাস বদলানোর চেষ্টা কেউ করে, তা বিজেপি এবং নির্বাচন কমিশন।”
তাঁর আরও দাবি, পরিকল্পিতভাবে বাইরের রাজ্য থেকে মানুষ এনে বাংলার ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। “বাংলাকে বাংলাদেশ বানানোর কথা বলা হচ্ছে, কিন্তু আদতে বাংলাকে উত্তরপ্রদেশ-বিহার বানানোর চেষ্টা চলছে,” - এই মন্তব্যে রাজনৈতিক তরজা আরও তীব্র করে তুলেছেন তৃণমূল নেতা।
সব মিলিয়ে, ভোটের আগে ফর্ম-৬ বিতর্ক ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল যেমন চাপ বাড়াচ্ছে, তেমনই পাল্টা আক্রমণে পিছিয়ে নেই বিজেপিও। আগামী দিনে এই ইস্যু যে আরও বড় রাজনৈতিক সংঘাতে পরিণত হতে পারে, তা স্পষ্ট।