দক্ষিণ ২৪ পরগনার বজবজে আয়োজিত হয়েছে এই সেবাশ্রয়–২ শিবির। সম্প্রতি ব্যক্তিগত কাজে বিদেশে ছিলেন অভিষেক। গত মঙ্গলবার দিল্লিতে নেমেই যুবভারতী কাণ্ড নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন তৃণমূল সাংসদ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 20 December 2025 11:51
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের (WB Polls 2026) আগে নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে (Diamond Harbour) রাজনৈতিক ও সামাজিক তৎপরতা আরও জোরদার করে পুনরায় ‘সেবাশ্রয়’ (Sebaashray) চালু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। এই সেবাশ্রয়–২ শিবির (Sebaashray 2) পরিদর্শন করতে শনিবার বজবজে (Budge Budge) পৌঁছেছিলেন তিনি। শিবির ঘুরে দেখার পাশাপাশি রোগী এবং চিকিৎসকদের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন অভিষেক।
দক্ষিণ ২৪ পরগনার বজবজে আয়োজিত হয়েছে এই সেবাশ্রয়–২ শিবির (Sebaashray 2)। সম্প্রতি ব্যক্তিগত কাজে বিদেশে ছিলেন অভিষেক। গত মঙ্গলবার দিল্লিতে নেমেই যুবভারতী কাণ্ড নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন তৃণমূল সাংসদ (TMC)। ফলে বজবজের কর্মসূচি থেকে তিনি ওই ইস্যুতে ফের কোনও বার্তা দেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে ছিল।
তৃণমূল সূত্রে খবর, সেবাশ্রয়–২ (Sebaashray 2) প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যপরিষেবা, প্রশাসনিক সহায়তা এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত একাধিক পরিষেবা এক ছাতার তলায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার এলাকায় আগের সেবাশ্রয় কর্মসূচি যেমন জনপ্রিয়তা পেয়েছিল, তেমনই দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিকেও দলীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের একের পর এক মাঠে নামা, জনসংযোগমূলক কর্মসূচি এবং রাজনৈতিক বার্তা - সব মিলিয়ে দক্ষিণবঙ্গের রাজনীতিতে তাঁর ভূমিকা যে আরও সক্রিয় হচ্ছে, সে বিষয়ে সহমত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
গত ১ ডিসেম্বর সেবাশ্রয় ২-এর উদ্বোধন করেন অভিষেক। চলতি বছর জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে পথ চলা শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’-এর। টানা ৭৫ দিন বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছিল। চোখ, কান, কান, গলা, রক্তচাপ, সুগার থেকে শুরু করে ক্যানসারের মতো রোগেরও বিনামূল্যে চিকিৎসা পেয়েছিলেন মানুষজন। এলাকাবাসীরা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ এই শিবিরগুলিতে গিয়েছিলেন। বিরাট সাড়া পাওয়ার পরই দ্বিতীয়টির সিদ্ধান্ত নেওয়া হয়।