অ্যালেন পার্ক ছাড়াও রাজ্যের আরও ১৪ টি জায়গায় একই সঙ্গে ক্রিসমাস উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী।
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 18 December 2025 17:27
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের শাসনকালে (TMC) রাজ্যে খেলা, মেলা, উৎসবের হিড়িক বেড়ে যাওয়া নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েন না। ক'দিন আগেই এই খেলা-মেলা নিয়ে দলের ভিতরেই প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনাতেও উঠে এল এই একই প্রসঙ্গ। তাও আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় (Mamata Banerjee)।
এদিন অ্যালেন পার্কে আনুষ্ঠানিক ভাবে বড়দিনের (Christmas) উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই মমতা বলেন, "ভাল থাকতে হলে মাঝে মাঝে রিল্যাক্সেশন প্রয়োজন হয়। উৎসব এই রিল্যাক্সেশন দেয়। সব সময় কেন খালি টেনশন? প্রচুর বিদেশি পর্যটক আমাদের রাজ্যে এসেছেন। আমি দেখতে চাই বিদেশি পর্যটক আসায় আমরা যেন দেশে এক নম্বর হতে পারি।"
অ্যালেন পার্ক ছাড়াও রাজ্যের আরও ১৪ টি জায়গায় একই সঙ্গে ক্রিসমাস উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, "আজকাল যে কোনও উৎসবকে কেন্দ্র করে সব জায়গা সেজে ওঠে। আমরা সব ধর্ম বর্ণকে সম্মান করি। জানি না কেন আমাদের কেউ কেউ ডিফেম করে। প্রতিটা উৎসবই তো আমরা করি। আমার বাংলার মানুষেরা মেলা থেকে খেলা সবটাই ভালবাসে। মেলা-খেলা সারা বিশ্বকে যুক্ত করে। এটা একটা কমন ব্রিজ।"
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অনুষ্ঠান ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। শুধু ২৪ ও ২৫ তারিখ অ্যালেন পার্কের সামনের রাস্তা বন্ধ রাখা হবে। সেখানে শুধু হাঁটা যাবে। অ্যালেন পার্কের এই রাস্তা তখন ওয়াকিং স্ট্রিট (Walking Street) হয়ে যাবে।
পরিশেষে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশে বড়দিন ও নতুন বছরের (New Year) শুভেচ্ছা জানিয়ে বলেন, "মানবিকতা থেকে বড় আর কিছু পৃথিবীতে নেই। সবাই ভাল থাকবেন, ভাল রাখবেন।"
এদিন স্টেজে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়ান, ইন্দ্রনীল সেন। তাছাড়া মোস্ট রেভারেন্ড ড. এলিয়াস ফ্র্যাঙ্ক (আর্চ বিশপ অফ কলকাতা), মোস্ট রেভারেন্ড ড. পরিতোষ ক্যানিংও (মডারেটর, চার্জ অফ ইন্ডিয়া অ্যান্ড আর্চ বিশপ অফ কলকাতা) মঞ্চে ছিলেন।
গান, নাচ-সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও রঙিন হবে এবারের ক্রিসমাস ফেস্টিভ্যাল। বুধবার রাতে আলো জ্বালিয়ে পরীক্ষা করে নেওয়া হয়েছে সমস্ত আলো। অ্যালেন পার্কের পাশাপাশি পুরো পার্ক স্ট্রিট চত্বর জুড়ে থাকছে খাবারের একাধিক স্টল।