রথের রশি টানতে গিয়ে চারদিকেই হইচই পড়ে যায়। এক মহিলার পায়ে সাপ জড়িয়ে যায়।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 28 June 2025 09:30
দ্য ওয়াল ব্যুরো: আড়াইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মহিষাদলের রথযাত্রা (Mahishadal Rath Yatra) নিয়ে উচ্ছ্বাস ছিল চরমে। তবে এবারের রথযাত্রা আনন্দের মধ্যে ঘটে গেল অপ্রত্যাশিত দুর্ঘটনা। শুক্রবার, রথের রশি টানতে গিয়ে এক মহিলার পায়ে জড়িয়ে পড়ে সাপ (snake )। সেখানেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। আহত প্রায় এগারো জন।
দিনভর বৃষ্টিতে রাস্তায় জমে যায় কাদা। সেই অবস্থাতেই উৎসাহী মানুষের ঢল নামে ঐতিহ্যবাহী রথের রশি টানতে। আচমকাই, ধাক্কাধাক্কির মধ্যে পা পিছলে পড়েন কয়েকজন। তাঁদের উপরে পড়ে যান আরও কয়েকজন দর্শনার্থী। পদপিষ্ট হয়ে আহত হন একাধিক মহিলা।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, “রথের রশি টানতে গিয়ে চারদিকেই হইচই পড়ে যায়। এক মহিলার পায়ে সাপ জড়িয়ে যায়। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমন পরিস্থিতি আগে কখনও দেখিনি।”
আহতদের প্রথমে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দু’জনকে স্থানান্তর করা হয় তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, সাপের কামড়ে তাঁর পা ফুলে যায়।
এই ঘটনা নিয়ে মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী বলেন, “এত বড় অনুষ্ঠানে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে। একজনের আঘাত একটু গুরুতর। বাকি সবার আঘাত তেমন গুরুতর নয়। একজনকে সাপ কামড়েছিল, তাঁর চিকিৎসা চলছে।”
বিজেপি নেতা তপন বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “মহিষাদলে রথযাত্রায় পুলিশের উপস্থিতি প্রয়োজন ছিল। এনসিসি-র হাতে নিরাপত্তার দায় দিয়ে দেওয়া হয়েছে। এতে পরিষ্কার প্রশাসনের গাফিলতি।”
মহিষাদলের রথযাত্রা এক ঐতিহ্যবাহী উৎসব। তবে এ ধরনের দুর্ঘটনা সুরক্ষার ঘাটতি এবং ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয়দের মতে, প্রশাসনের আরও তৎপর হওয়া প্রয়োজন ছিল, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।