সরকারি সূত্রে জানা গেছে, যাবতীয় ছাড়পত্রের প্রক্রিয়া শেষে ২০২৬ সালেই এটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 28 June 2025 08:58
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা এলেই ডেঙ্গির আতঙ্কে ভোগেন সকলে। প্রতিবারের মতো এবারেও এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তবে সব কিছু ঠিক থাকলে আগামী বছরই বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা!
আইসিএমআর এবং পানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি হওয়া টিকা ইতিমধ্যেই ফেজ-থ্রি ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে। সরকারি সূত্রে জানা গেছে, যাবতীয় ছাড়পত্রের প্রক্রিয়া শেষে ২০২৬ সালেই এটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে।
তবে এখানেই শেষ নয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজিও (ডিবিটি) সমান্তরালভাবে ডেঙ্গির আরেকটি টিকা তৈরির কাজ করছে। এই ট্রেটাভ্যালেন্ট টিকার প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ডিবিটির সচিব ডঃ রাজেশ গোখলে জানিয়েছেন, আগামী এক-দুই বছরের মধ্যেই এই টিকা সাধারণ মানুষের ব্যবহারের জন্য ছাড়পত্র পাবে।
ডেঙ্গির পাশাপাশি চিকনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার টিকাও তৈরি হচ্ছে। চিকনগুনিয়ার টিকা ইতিমধ্যেই ফেজ-টু ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। উল্লেখ্য, কোভিড রোধে নাকে ড্রপের মাধ্যমে পাঁচটি টিকা সহ জাইকোভ ডি এবং কোরবেভ্যাক্সের মতো টিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ডিবিটি।
নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং শুক্রবার এ খবর জানিয়ে বলেন, "বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে দেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। বর্ষার পূর্বাভাস থেকে শুরু করে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধ এবং ভ্যাকসিন গবেষণায় দেশ এগিয়ে চলেছে।"