মাত্র ৪২ বছর বয়সে মর-পৃথিবীর মায়া ত্যাগ করলেন ‘কাঁটা লাগা’ গানে জনপ্রিয়তা পাওয়া মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালা।
.jpeg.webp)
শেফালি জারিওয়ালা।
শেষ আপডেট: 28 June 2025 09:00
দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৪২ বছর বয়সে মর-পৃথিবীর মায়া ত্যাগ করলেন ‘কাঁটা লাগা’ গানে জনপ্রিয়তা পাওয়া মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। শুক্রবার রাতে তাঁর আকস্মিক মৃত্যুর খবরে স্তম্ভিত বলিউড এবং ভক্তকুল। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। তবে এই অকাল প্রয়াণের নেপথ্যে কী কারণ, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিওতে ঝড় তুলেছিলেন শেফালি। তাঁর নাচ এবং অভিব্যক্তি আজও মানুষের মনে অমলিন। কিন্তু এত জনপ্রিয়তা সত্ত্বেও বলিউডে বেশি দিন টিকে থাকতে পারেননি তিনি। হিন্দি ছবিতে হাতে গোনা কয়েকটি কাজ করার পর, ধীরে ধীরে সরে যান রুপোলি পর্দা থেকে।
একটি সাক্ষাৎকারে শেফালি নিজেই জানিয়েছিলেন তাঁর জীবনের কঠিন সংগ্রামের কথা। ১৫ বছর বয়স থেকেই তিনি মৃগী রোগে আক্রান্ত। তিনি বলেছিলেন, “পরীক্ষার সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকতাম। সেই থেকে খিঁচুনি শুরু হয়। মৃগী রোগের কারণে ডিপ্রেশনে ভুগতাম। আবার ডিপ্রেশন থেকেই খিঁচুনি বাড়ত। একটার সঙ্গে আরেকটা গভীরভাবে জড়িত।”
এই রোগের কারণে শেফালি অনেক কাজ করতে পারেননি। পারফরম্যান্সের মাঝেই হঠাৎ খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকত। ফলে নিজেকে আঘাত করার আশঙ্কায় কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে বরাবর সতর্ক থাকতেন। যদিও পরে চিকিৎসার মাধ্যমে রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
মৃত্যুর ঠিক দুই দিন আগে একটি ফটোশ্যুট করেছিলেন শেফালি। হঠাৎ কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তা নিয়ে চর্চা চলছে সর্বত্র। তাঁর অনুরাগীরা এই আকস্মিক ঘটনায় হতভম্ব।
শেফালির আকস্মিক প্রয়াণে বলিউডে শোকের ছায়া। একের পর এক সহকর্মী এবং অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানাচ্ছেন। তাঁর পরিবারে রয়েছেন স্বামী এবং একটি পুত্রসন্তান।