ঘটনার পর স্টেডিয়ামে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বিশেষ করে আসনসংখ্যার চেয়ে বেশি টিকিট বিক্রির অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

ছবি সংগৃহীত
শেষ আপডেট: 29 December 2025 12:59
দ্য ওয়াল ব্যুরো: লিয়োনেল মেসির (Lionel Messi) কলকাতা সফর ঘিরে যুবভারতীতে বিশৃঙ্খলা, বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিতের অনুষ্ঠানকে কেন্দ্র করে ভাঙচুর। একেরপর এক ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অশান্তির ছবি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থেকে। রবিবার ক্যানিং স্টেডিয়ামে অভিনেতাকে দেখার হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটেছে। ঘটনায় এক শিশু-সহ মোট সাত জন জখম হয়েছেন। সকলেই বর্তমানে চিকিৎসাধীন।
রবিবার ক্যানিং স্টেডিয়ামে (Canning Stadium) এমএলএ কাপের ফাইনাল ম্যাচ চলছিল। গড়িয়া ও নিউটাউন দলের মধ্যে সেই খেলা ঘিরে আগে থেকেই ছিল উত্তেজনা। অভিযোগ, স্টেডিয়ামের আসনসংখ্যার তুলনায় অনেক বেশি টিকিট বিক্রি করা হয়েছিল। ক্যানিং স্টেডিয়ামে যেখানে প্রায় ৭,৫০০ জন বসার ব্যবস্থা রয়েছে, সেখানে তার চেয়েও বেশি টিকিট ছাড়া হয় বলে দাবি দর্শকদের একাংশের।
এর উপর ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসার কথা ছিল অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra)। ফলে খেলা বিকেল ৩টে থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকেই স্টেডিয়ামের সামনে ভিড় জমতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সকাল সাড়ে ১১টা নাগাদ স্টেডিয়ামের গেটের সামনে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভিড়। পুলিশের উপস্থিতিতেই ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা শুরু করেন দর্শকেরা। সেই ধাক্কাধাক্কিতেই পড়ে গিয়ে পদপিষ্ট হন এক শিশু-সহ সাত জন।
পরিস্থিতি দ্রুত সামাল দেয় ক্যানিং থানার পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে একজনের অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এই ঘটনার পর স্টেডিয়ামে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বিশেষ করে আসনসংখ্যার চেয়ে বেশি টিকিট বিক্রির অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ক্যানিং থানায় তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও সম্প্রতি একাধিক অনুষ্ঠানে একই ধরনের বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে। ১৩ ডিসেম্বর মেসির সফরকে ঘিরে যুবভারতীতে দর্শকদের একাংশ চেয়ার ভাঙচুর ও বিক্ষোভে জড়িয়ে পড়েন। শনিবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিৎকে দেখতে গিয়ে উপচে পড়া ভিড়ের মধ্যে ভাঙচুর চালানো হয় চেয়ার ও দোকানে। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার ক্যানিংয়ের এই পদপিষ্টের ঘটনা ফের প্রশাসনিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার ঘাটতিকে সামনে এনে দিল।