প্রথমে মঞ্চের সামনে থাকা ব্যারিকেড ভেঙে ফেলা হয়। তারপর ভেঙে চুরমার করা হয় কয়েকশো চেয়ার। প্রবীণ মানুষ ও মহিলাদের জন্য আলাদা করে বসার যে জায়গা তৈরি করা হয়েছিল, সেখানেও ভাঙচুর চলে।

জিতের অনুষ্ঠানে বিশৃঙ্খলা
শেষ আপডেট: 28 December 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো: বিষ্ণুপুর মেলায় টলিউড অভিনেতা জিতের অনুষ্ঠানে দেখা গেল এক ভয়াবহ বিশৃঙ্খলার ছবি (Bishnupur fair chaos)। শনিবার রাতে যদুভট্ট মঞ্চে জিৎ আসতেই চারদিকে মানুষের উত্তেজনা দ্বিগুণ হয়ে যায়। মুহূর্তের মধ্যে ভিড় এতটাই বেড়ে যায় যে তা নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয় পুলিশ (Police)। অভিনেতাকে কাছ থেকে দেখতে না পেয়ে বহু দর্শক ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয় ধাক্কাধাক্কি, এমনকি অনুষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়েছে বলেও অভিযোগ।
প্রথমে মঞ্চের সামনে থাকা ব্যারিকেড ভেঙে ফেলা হয়। তারপর ভেঙে চুরমার করা হয় কয়েকশো চেয়ার। প্রবীণ মানুষ ও মহিলাদের জন্য আলাদা করে বসার যে জায়গা তৈরি করা হয়েছিল, সেখানেও ভাঙচুর চলে। জনতার চাপে অনেকেই পড়ে যান। বেশ কয়েকজনের পদপিষ্ট হয়ে আহত হওয়ার খবর মিলেছে (Jeet event stampede)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় (police lathicharge Bishnupur)।
বিশৃঙ্খলার জেরে ক্ষতিগ্রস্ত হয় মেলার কয়েকটি দোকানও। দক্ষিণ ২৪ পরগনা থেকে এসে জিলিপি-গজার দোকান দিয়েছিলেন এক যুবক। অভিযোগ, তাঁর দোকান থেকে টাকাপয়সা ও মিষ্টি সব লুট হয়ে গেছে। তাঁর দাবি, শুরু থেকেই যদি পুলিশ আরও সতর্ক থাকত, তাহলে তাঁকে এমন ক্ষতির মুখে পড়তে হতো না।
একজন স্থানীয় যুবক জানান, তিনি পরিবার নিয়ে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। ধাক্কাধাক্কিতে তাঁরা পড়ে যান, প্রাণ হাতে করে কোনওমতে বেরিয়ে আসেন। তাঁর কথায়, “যেভাবে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, যেকোনও বড় বিপদ হতে পারত।”
জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত মেলায় সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু রাতে জিতের অনুষ্ঠানের সময় ভিড় বাড়তে বাড়তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় (Bishnupur mela incident,)। পাশের দোকান, ব্যানার, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বড় একটি ফ্লেক্সও ছিঁড়ে ফেলা হয়। বিশৃঙ্খলার অভিযোগে কয়েকজনকে আটক করলেও পরে তাঁদের ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেয় পুলিশ।
এর মধ্যেও অনুষ্ঠান থামানো হয়নি। নির্দিষ্ট সময় পর্যন্ত জিৎ ও তাঁর সহশিল্পীরা মঞ্চে ছিলেন এবং ঠিক সময়েই মঞ্চ ছাড়েন।
এর আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে ভিড় সামলাতে না পারায় রাজ্য পুলিশের সমালোচনা হয়েছিল। বিষ্ণুপুরের ঘটনায় আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল।