অগ্রিম পারিশ্রমিক নিয়েও ছবি ছাড়ার অভিযোগ! ‘দৃশ্যম ৩’ ঘিরে প্রযোজক কুমার মঙ্গত পাঠকের সঙ্গে চরম সংঘাতে অক্ষয় খান্না। কী বললেন প্রযোজক?

অক্ষয় খান্না
শেষ আপডেট: 27 December 2025 17:33
দ্য ওয়াল ব্যুরো: অজয় দেবগনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩’ (Drishyam 3 controversy) নিয়ে বিটাউনে এখন তোলপাড়। ২০২৬ সালের ২ অক্টোবর ছবিটি মুক্তির কথা থাকলেও, তার আগেই অভিনেতা অক্ষয় খান্না (Akshaye Khanna) এবং প্রযোজক কুমার মঙ্গত পাঠকের বিবাদ চরমে পৌঁছেছে। ‘ধুরন্ধর’ সিনেমার বিপুল সাফল্যের মাঝেই বিতর্কে জড়ালেন অভিনেতা অক্ষয় খান্না। ‘দৃশ্যম ৩’ সিনেমা থেকে তাঁর সরে যাওয়া নিয়ে টিনসেল টাউনে বইছে ঝড়ের আভাস। এবার সেই বিতর্কে মুখ খুললেন ছবির প্রযোজক কুমার মঙ্গত পাঠক। তিনি কেবল অক্ষয়কে আইনি নোটিসই পাঠাননি, বরং অভিনেতার পেশাদারিত্ব নিয়ে তুলেছেন একের পর এক বিস্ফোরক প্রশ্ন।
প্রযোজক কুমার মঙ্গত পাঠকের দাবি, অক্ষয় খান্নার সঙ্গে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক ঠিক হওয়ার পরেও সমস্যা শুরু হয় তাঁর ‘পরচুলা’ (উইগ) পরা নিয়ে। পরিচালক অভিষেক পাঠক সিনেমার ধারাবাহিকতা বজায় রাখার জন্য পরচুলা পরতে নিষেধ করেছিলেন। অক্ষয় প্রথমে রাজি হলেও পরে তাঁর ঘনিষ্ঠদের প্ররোচনায় পরচুলা পরার জন্য জেদ ধরেন। আলোচনার আগেই অক্ষয় জানিয়ে দেন যে তিনি আর এই ছবির অংশ হতে চান না। প্রযোজকের অভিযোগ, অক্ষয় অগ্রিম পারিশ্রমিক নিয়েও কাজ করতে অস্বীকার করেছেন।
অক্ষয় খান্নাকে ‘টক্সিক’ বা বিষাক্ত স্বভাবের অভিনেতা হিসেবে বর্ণনা করে কুমার মঙ্গত পাঠক বলেন, “২০১৯ সালে যখন ওঁর হাতে কোনও কাজ ছিল না, তখন আমি ওঁর সাথে ‘সেকশন ৩৭৫’ তৈরি করেছিলাম। ওই ছবিই ওঁকে পরিচিতি দেয়।” তিনি আরও জানান যে, অক্ষয়কে ছাড়া যদি কোনও একক সিনেমা করা হয়, তবে তা ৫০ কোটির ব্যবসাও করতে পারবে না। প্রযোজকের মতে, ‘দৃশ্যম’ মানেই অজয় দেবগন, ‘ছাবা’ মানে ভিকি কৌশল এবং ‘ধুরন্ধর’ মূলত রণবীর সিংয়ের ছবি। অক্ষয় এখন নিজেকে বড় সুপারস্টার ভেবে ভুল করছেন।
সূত্রের খবর, অক্ষয় নাকি দাবি করছেন যে ‘ধুরন্ধর’ ছবিটির হাজার কোটি ক্লাবে ঢোকার একমাত্র কারণ ওঁর অভিনয়। এই বিষয়টিকে কটাক্ষ করে প্রযোজক বলেন, ভাগ্যিস অক্ষয়ের পরিবর্তে এখন জয়দীপ আহলাতকে পাওয়া গিয়েছে, যিনি অক্ষয়ের থেকেও বড় মাপের অভিনেতা।
এখন ‘দৃশ্যম ৩’-এ অক্ষয় খান্নার জায়গায় জয়দীপ আহলাতকে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শক। অক্ষয় খান্নার এই ‘অপেশাদার’ আচরণ এবং প্রযোজকের কড়া পদক্ষেপ বলিউডে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।