পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন একদল উত্তেজিত জনতা বনগাঁ থানায় এসে ধৃত ব্যক্তিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

আহত এক যুবক
শেষ আপডেট: 29 May 2025 00:03
দ্য ওয়াল ব্যুরো: বনগাঁ থানা এলাকায় (Bongaon) মঙ্গলবার সন্ধ্যায় এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে মানসিক ভারসাম্যহীন (Mentally Unstable) বলে মনে করা এক ব্যক্তি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ৪ জনকে ছুরিকাঘাত (Knife Attack) করে। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।
তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন একদল উত্তেজিত জনতা বনগাঁ থানায় (Bongaon PS) এসে ধৃত ব্যক্তিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা থানার রিসেপশন ডেস্ক ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশের উপর চড়াও হয়। বনগাঁ থানার সামনে হইহই কাণ্ড শুরু হয়ে যায়।
জেলা পুলিশ সুপারের দফতর থেকে জানো হয়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেয় এবং উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
ছুরির আঘাতে আহত ৪ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ঘটনায় কোনও সাম্প্রদায়িক প্রেক্ষাপট নেই।
পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই ঘটনাকে ঘিরে কোনও গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে। আইন নিজের পথে চলবে এবং যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
An incident took place in Bongaon PS area this evening when a mentally unstable person stabbed 4 persons in a fit of rage. Police promptly reached the spot and arrested the accused person. Subsequently, a group of agitated mob reached the police station and attempted to snatch…
— SP BONGAON PD (@SP_Bongaon_PD) May 28, 2025