নতুন করে যে ১হাজার ৮০৩ জনকে বাদ দেওয়া হয়েছে এদিন তাদের পক্ষ থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছিল। যদিও মিছিল শুরুর মুখেই পুলিশ তাঁদের আটক করে।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 28 May 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যাওয়ার পথে আটক হলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ (SSC Deprived Teachers)। ইউনাইটেড টিচিং এন্ড নন টিচিং ফোরাম এর পক্ষ থেকে বুধবার চাকরিহারা শিক্ষকদের একাংশ হাজরা মোড় থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। তবে জমায়েত হওয়ার পরই সেখান থেকে তাঁদের আটক করে পুলিশ।ঘটনাকে কেন্দ্র করে এদিন বেলায় হাজরা মোড়ে তীব্র উত্তেজনাও তৈরি হয়।
ফোরামের অন্যতম সদস্য কমলেশ কপাটের বক্তব্য, নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রথমে যোগ্যদের যে ১৭২০৬ জনের তালিকার কথা বলা হয়েছিল সেখানে আদের নাম ছিল। কিন্তু নতুন যে তালিকাগুলো এসএসসি ডিআই অফিসে পাঠাচ্ছে সেখানে নতুন করে ১হাজার ৮০৩ জনকে বাদ দিয়ে নতুন করে ১৫ হাজার ৪০৩ জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন। কী কারণে নাম বাদ দেওয়া হল তা স্পষ্ট করা হয়নি।
কমলেশ বলেন, "দু'মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। তাই সুবিচারের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল। শান্তিপূর্ণভাবেই আমরা এই কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। অথচ পুলিশ আটক করল।"
নতুন করে যে ১হাজার ৮০৩ জনকে বাদ দেওয়া হয়েছে এদিন তাদের পক্ষ থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হয়েছিল। যদিও মিছিল শুরুর মুখেই পুলিশ তাঁদের আটক করে।
ঘটনার সূত্রপাত, স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ঢালাও দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ (SSC SCAM) তুলে গোটা প্যানেলটাই বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার (Mamata Banerjee)।
মঙ্গলবার নবান্নে এই মর্মে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে (SSC New Recruitment)। এরপরই নিজেদের চাকরি ফিরে পেতে এদিন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিলেন চাকরিহারাদের একাংশ।