সোমবার সকালে কাজের উদ্দেশে বেরিয়েছিলেন রাজেশ। কিন্তু রাতে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সারাদিন খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে মহেশতলা থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা।

মৃত যুবক
শেষ আপডেট: 17 September 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) মহেশতলায় (Maheshtala) এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় এক পুকুর থেকে তার দেহ উদ্ধার (Body Found) হয়েছে।
মহেশতলা পুরসভার ২০ নম্বর (Maheshtala Ward 20) ওয়ার্ডের পূর্ব মণ্ডলপাড়ায় একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে ওই যুবকের দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম রাজেশ ঘোষ (২৮)। বাড়ি মহেশতলার ১৬ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট, গভর্নর কলোনি ব্লক এ-তে। তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে ওষুধ সরবরাহের (Medicine Delivery) কাজে যুক্ত ছিলেন।
পরিবারের অভিযোগ, সোমবার সকালে কাজের উদ্দেশে বেরিয়েছিলেন রাজেশ। কিন্তু রাতে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সারাদিন খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে মহেশতলা থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁরা।
মঙ্গলবার বিকেলে পূর্ব মণ্ডলপাড়ার এক পরিত্যক্ত পুকুরে স্থানীয় বাসিন্দারা ভেসে ওঠা দেহ দেখে পুলিশকে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে মহেশতলা থানার পুলিশ দেহ উদ্ধার করে। তারপর তাকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সাইকেল ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় মৃত রাজেশ ঘোষের পরিবারের সঙ্গে দেখা করতে যান মহেশতলা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ১৬ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক শুভাশিস দাস। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।