সোমবার রায় ঘোষণার পরপরই অভিষেক এক্স পোস্টে লিখেছেন, “আজ ঐতিহাসিক দিন। সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করেছে। বাংলার গরিব মানুষের কাজের অধিকার পুনরুদ্ধার হল।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 27 October 2025 14:46
দ্য ওয়াল ব্যুরো: তিন বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা ১০০ দিনের কাজের প্রকল্প (100 days work) ফের শুরু হচ্ছে। হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশ বহাল রেখে সোমবার কাজ চালু রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যাকে বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের পরাজয় বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সোমবার রায় ঘোষণার পরপরই অভিষেক এক্স পোস্টে লিখেছেন, “আজ ঐতিহাসিক দিন। সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করেছে। বাংলার গরিব মানুষের কাজের অধিকার পুনরুদ্ধার হল।”
আসলে, কেন্দ্রীয় সরকারের সেই আবেদনটি ছিল কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে, যেখানে রাজ্যে মনরেগা প্রকল্প (MGNREGA) ফের চালুর নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের রায়ে সেই নির্দেশ বহাল থাকায়, অভিষেকের ভাষায়, এটি “দিল্লির ঔদ্ধত্য ও অন্যায়ের বিরুদ্ধে বাংলার মানুষের বিজয়।”
অভিষেক লেখেন, “যখন রাজনৈতিকভাবে হারাতে পারেনি, তখন বিজেপি বঞ্চনাকে অস্ত্র করেছিল। বাংলার গরিব মানুষের মজুরি কেড়ে নিয়ে আর্থিক অবরোধ জারি করেছিল।” তিনি আরও বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম— প্রতিটি টাকার, প্রতিটি পরিশ্রমিকের, প্রতিটি নীরব কণ্ঠের ন্যায় আমরা ফিরিয়ে আনব। আজ সেই প্রতিশ্রুতিরই জয় হল।”
তাঁর বক্তব্যে বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি লিখেছেন, “আজকের রায় প্রমাণ করল— অন্যায় চলবে না, ষড়যন্ত্র টিকবে না, জনগণের আদালতেই তাদের বন্দি হতে হবে। বিজেপির ঔদ্ধত্যের আজ বিচার হল।”
বস্তুত, সোমবার ১০০ দিনের কাজ প্রকল্প নিয়ে কেন্দ্রের আবেদনে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে সাফ জানায়— “আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, না কি আমরা তা খারিজ করে দেব?” শেষ পর্যন্ত আদালত মামলাটি খারিজ করে দেয়।
ফলে কার্যত হাইকোর্টের নির্দেশই বহাল থাকল। এখন রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে আটকে থাকা টাকা ছাড়তে হবে কেন্দ্রকে। তিন বছরের বেশি সময় পর ফের শুরু হতে চলেছে এই কর্মসংস্থান প্রকল্প।
গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজের প্রকল্প। তৃণমূল সরকার বারবার অভিযোগ জানিয়েছে, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে প্রকল্পের অর্থ আটকে রেখেছে। কেন্দ্রের দাবি, রাজ্যে এই প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে— প্রকৃত শ্রমিকদের বঞ্চিত করে টাকার লেনদেন হয়েছে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই কারণেই অর্থ বরাদ্দ বন্ধ রাখা হয়েছিল।
এর আগেই গত জুন মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের পক্ষে রায় দিয়েছিল। হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কেন্দ্রকে বলেছিলেন, “যে সমস্ত অভিযোগ রয়েছে, সেগুলি ২০২২ সালের আগের। সেই সময়ের দুর্নীতি নিয়ে তদন্ত করুন, কিন্তু এখন প্রকল্পের কাজ বন্ধ রাখার কোনও কারণ নেই।”
সেই নির্দেশের বিরুদ্ধেই কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সোমবার সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ই বহাল রাখে। এর ফলে মোদী সরকারকে এখন বাংলার ১০০ দিনের কাজের প্রকল্পে অর্থ ছাড়তেই হবে।