প্রশাসনের নির্দেশ—৩০ নভেম্বরের মধ্যে পুরনো দামে বিক্রি সেরে ফেলুন।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 10 November 2025 13:23
দ্য ওয়াল ব্যুরো: ইংরেজি নববর্ষের আগেই রাজ্যে বাড়ছে মদের দাম (Liquor prices are increasing ahead of the New Year)। বিয়ার বাদে দেশি থেকে বিদেশি—সব ধরনের মদের উপরই বাড়তি আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে। সম্প্রতি রাজ্য আবগারি দফতর-এর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশ স্পষ্ট করা হয়েছে।
দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নীতি কার্যকর হওয়ার আগে ৩০ নভেম্বরের মধ্যেই পুরনো দামে স্টক বিক্রি শেষ করতে হবে। ওই সময়সীমার পরে পুরনো দামে আর মদ বিক্রি করা যাবে না। বিক্রি না হওয়া স্টকের উপর নতুন হার প্রযোজ্য হবে এবং সেই বোতলে নতুন দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে, যাতে ক্রেতারা সংশোধিত মূল্য স্পষ্টভাবে জানতে পারেন।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞপ্তির কপি ইতিমধ্যেই উৎপাদক, পরিবেশক ও হোলসেল বিক্রেতাদের কাছে পাঠানো হয়েছে। প্রত্যেক ব্র্যান্ড মালিককে নতুন দাম ও লেবেল পরিবর্তনের প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থ দফতরের এক কর্তার মন্তব্য, “এই নতুন শুল্ক কাঠামো রাজ্যের রাজস্ব আয় বাড়াতে সাহায্য করবে।” তবে কতটা বৃদ্ধি হতে পারে, তা এখনই বলা সম্ভব নয়। প্রশাসনের মতে, নতুন নীতি চালুর এক মাস পরেই তার প্রভাব বোঝা যাবে।
অন্য দিকে, ডিসেম্বরে বাজারে সাময়িক অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবে তাঁদের আশা, ব্যবসায়ীরা আগাম প্রস্তুতি নিলে বড় জটিলতা হবে না।
রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজস্ব বৃদ্ধির এই সিদ্ধান্ত সরকারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। রাজস্ব বাড়লে, সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে বাড়তি অর্থ বিনিয়োগ করতে পারবে বলেই মত তাদের।