খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড, তারা বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 November 2025 12:36
দ্য ওয়াল ব্যুরো: সকালের নীরবতা ভেঙে তীব্র চাঞ্চল্য সামশেরগঞ্জে! সোমবার সকালে মুর্শিদাবাদের (Murshidabad) ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন চাষের জমি থেকে উদ্ধার হল ব্যাগ ভর্তি তাজা বোমা (Bomb found)। খবর ছড়াতেই এলাকা জুড়ে আতঙ্ক, কৌতূহলী ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে জমির পাশে কিছু সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর আসে। এরপর রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালাতেই মেলে এক ব্যাগ ভর্তি বোমা। কে বা কারা ওই বোমাগুলি রেখে গিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
এদিন সকাল থেকেই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড, তারা বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে। ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে আশপাশের গ্রামগুলিতে।
ভোটের আগে চাষের জমিতে এমনভাবে ফেলে যাওয়া বোমা স্থানীয়দের মধ্যে আরও উদ্বেগ বাড়িয়েছে। ঘটনার পিছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগও উড়িয়ে দেওয়া হচ্ছে না। পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, কারা জড়িত তার খোঁজে চলছে তল্লাশি অভিযান।