প্রযুক্তিগত প্রমাণ এবং রিপোর্টের উপর জোর দিচ্ছেন তদন্তকারীরা, যাতে ঘটনাটির প্রকৃত চিত্র স্পষ্ট হয়।

ফাইল ছবি।
শেষ আপডেট: 24 October 2025 21:08
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী নির্যাতন-কাণ্ডে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি (Major progress in Durgapur case)। শুক্রবার দুর্গাপুর মহকুমা উপ-সংশোধনাগারে সম্পন্ন হল টেস্ট আইডেন্টিফিকেশন (টিআই) প্যারেড। সেখানে ‘নির্যাতিতা’ তরুণী পাঁচ অভিযুক্তকে চিহ্নিত করেছেন বলে জেল সূত্রে খবর (Medical student identified five accused in jail)।
শুক্রবার দুপুর ১২টা নাগাদ ওই ছাত্রীকে কড়া নিরাপত্তায় জেলে নিয়ে যাওয়া হয়। উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী আধিকারিক (আইও) এবং অতিরিক্ত জেলা বিচারক রাজীব সরকার। বিচারকের তত্ত্বাবধানেই দেড় ঘণ্টা ধরে চলে টিআই প্যারেডের প্রক্রিয়া।
‘নির্যাতিতা’র আইনজীবী পার্থ ঘোষ বলেন, “অভিযুক্তদের সঙ্গে আরও কয়েক জনকে আনা হয়েছিল। তাঁদের মধ্যে থেকেই নির্যাতিতা পাঁচ জনকে শনাক্ত করেন। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে, কিন্তু দিকনির্দেশ সঠিক। আমি নিজেও নজর রাখছি।”
তদন্তকারীদের মতে, ১০ অক্টোবর রাতে সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ চত্বরের বাইরে বেরোনোর পরেই তরুণী নির্যাতনের শিকার হন। প্রথমে মেডিক্যাল কলেজ-সংলগ্ন গ্রামের পাঁচ যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তরুণীর এক সহপাঠীকেও গ্রেফতার করে পুলিশ।
তবে তদন্ত সূত্রের দাবি, নির্যাতিতা, তাঁর সহপাঠী এবং ধৃতদের বয়ানে বেশ কিছু ফারাক রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং পরিবারের দেওয়া বয়ানেও অসঙ্গতি মিলেছে বলে জানা গেছে। সেই কারণেই প্রযুক্তিগত প্রমাণ এবং রিপোর্টের উপর জোর দিচ্ছেন তদন্তকারীরা, যাতে ঘটনাটির প্রকৃত চিত্র স্পষ্ট হয়।