কেবল মানুষই নয়, ইঁদুরও কল্পনায় ডুবে থাকতে পারে! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য, ইঁদুরের হিপোক্যাম্পাসে সক্রিয় চিন্তার ইঙ্গিত।

চিন্তায় ডুবে থাকে ইঁদুরও! (ছবি: এআই)
শেষ আপডেট: 3 August 2025 09:58
দ্য ওয়াল ব্যুরো: মনে করা হত আকাশকুসুম কল্পনা করার ক্ষমতা শুধু মানুষের রয়েছে। গল্প-উপন্যাস থেকে বিজ্ঞানের তত্ত্ব, আকাশকুসুম চিন্তা বা দূরদর্শী পরিকল্পনা—সবই মানুষজাতির ‘এক্সক্লুসিভ’ বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু এক নতুন গবেষণা সেই ভাবনায় বড়সড় ধাক্কা দিল। এই প্রথম প্রমাণ মিলল, ইঁদুরেরাও মানুষের মতোই ভাবতে পারে। শুধু তাই নয়, কল্পনার জগতে ঘুরেও বেড়াতে পারে তারা!
কী বলছে গবেষণা?
এই অভূতপূর্ব গবেষণা চালিয়েছে আমেরিকার ভার্জিনিয়ার হাওয়ার্ড হিউজ মেডিক্যাল ইনস্টিটিউটের জেনেলিয়া রিসার্চ ক্যাম্পাস। দীর্ঘ কয়েক মাস ধরে ইঁদুরদের একটি বাস্তবের মতো ভার্চুয়াল পরিবেশে রাখা হয়। তাদের স্মৃতি, অভিজ্ঞতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পর্যবেক্ষণের জন্য তৈরি করা হয় একটি বিশেষ যন্ত্র ‘ব্রেন-মেশিন ইন্টারফেস’। এই যন্ত্র সরাসরি মস্তিষ্কের নির্দিষ্ট অংশের (বিশেষ করে হিপোক্যাম্পাস) সঙ্গে সংযুক্ত হয়ে, সেই অংশের কার্যকলাপ ট্র্যাক করে।
গবেষকদের দাবি, পরীক্ষার সময় দেখা যায়, ইঁদুরদের মস্তিষ্কে হিপোক্যাম্পাস নামক অংশে উত্তেজনার ঢেউ উঠছে, যখন তারা পুরনো অভিজ্ঞতা মনে করছে বা ভবিষ্যৎ সম্পর্কে ‘ভাবছে’। অর্থাৎ, একটা বস্তু, অভিজ্ঞতা বা জায়গাকে কেন্দ্র করে ইঁদুরেরাও চিন্তা, কল্পনা এবং এমনকি বিকল্প সিদ্ধান্ত নিতে সক্ষম।

ইঁদুরের কল্পনার প্রমাণ কীভাবে মিলল?
গবেষণার সময়, ইঁদুরদের সামনে নতুন ও অপরিচিত ‘ঘটনা’ বা পরিস্থিতি তৈরি করা হয়। দেখা যায়, তারা সঙ্গে সঙ্গে আগে শেখা অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিচ্ছে। কখনও আগের স্মৃতি মনে করে কোনও কাজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। আবার কখনও কল্পনাকে হাতিয়ার করে অনিশ্চিত পরিস্থিতির মোকাবিলা করছে।

এক গবেষকের কথায়, “আমরা দেখেছি, ইঁদুর কেবল সিদ্ধান্ত নিচ্ছে না, তাদের মস্তিষ্ক কিছু সময়ের জন্য কল্পনার জগতে প্রবেশ করছে। সেখানেই তারা স্মৃতি, অনুভূতি ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে সক্রিয় চিন্তা করছে। এটা রীতিমতো আশ্চর্যজনক।”
মানুষ ও ইঁদুরের মস্তিষ্কে কতটা মিল?
মানুষ ও ইঁদুরের হিপোক্যাম্পাস প্রায় একই কাঠামোয় তৈরি। এই হিপোক্যাম্পাসই মূলত স্মৃতি সংরক্ষণ, জায়গা ও সময় চিনে নেওয়া, এবং অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কেন্দ্র। এই গবেষণা নতুন করে ভাবাচ্ছে বিজ্ঞানীদের। ‘চিন্তা’ বা ‘ভাবনা’ আসলে কাদের একচেটিয়া সম্পত্তি?